Image description

ময়মনসিংহের নান্দাইল উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সের দীর্ঘদিনের চিকিৎসক সংকট নিরসনে পাঁচজন নতুন চিকিৎসক নিয়োগের তথ্য জানিয়েছেন তথ্য ও সম্প্রচার প্রতিমন্ত্রী এবং ময়মনসিংহ-৯ (নান্দাইল) আসনের সংসদ সদস্য ইয়াসের খান চৌধুরী। মঙ্গলবার নিজের ভেরিফায়েড ফেসবুক পোস্টে তিনি এ তথ্য জানান।

প্রতিমন্ত্রী তাঁর পোস্টে উল্লেখ করেন, দীর্ঘদিন ধরে চিকিৎসক সংকটের কারণে নান্দাইলের মানুষ কাঙ্ক্ষিত স্বাস্থ্যসেবা থেকে বঞ্চিত হচ্ছিলেন। বিষয়টি গুরুত্বের সঙ্গে বিবেচনা করে গত সপ্তাহে তিনি আকস্মিকভাবে নান্দাইল উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্স পরিদর্শন করেন।

পরিদর্শনের সময় চিকিৎসক সংকটসহ হাসপাতালের বিভিন্ন সমস্যা সরেজমিনে পর্যালোচনা করে দ্রুত সমাধানের লক্ষ্যে সংশ্লিষ্ট ঊর্ধ্বতন কর্তৃপক্ষের সঙ্গে যোগাযোগ করেন এবং প্রয়োজনীয় উদ্যোগ গ্রহণ করেন। এরই ধারাবাহিকতায় মাত্র সাত দিনের মধ্যে উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে পাঁচজন নতুন চিকিৎসক নিয়োগ সম্পন্ন হয়েছে বলে তিনি জানান।

প্রতিমন্ত্রী আশা প্রকাশ করে বলেন, নতুন চিকিৎসকদের যোগদানের ফলে হাসপাতালের চিকিৎসাসেবার মান আরও উন্নত হবে এবং সাধারণ মানুষ সহজে, দ্রুত ও মানসম্মত স্বাস্থ্যসেবা পাবেন।

তিনি আরও বলেন, নান্দাইলবাসীর কল্যাণে স্বাস্থ্য, শিক্ষা, যোগাযোগসহ প্রতিটি খাতের উন্নয়নে তিনি আন্তরিকভাবে কাজ করে যাবেন।

এদিকে, পাঁচজন নতুন চিকিৎসক নিয়োগের খবরে নান্দাইলবাসীর মধ্যে স্বস্তি ও আশাবাদের সঞ্চার হয়েছে। দীর্ঘদিনের চিকিৎসক সংকট কাটিয়ে উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে চিকিৎসাসেবা আরও কার্যকর ও জনবান্ধব হবে বলে স্থানীয়দের প্রত্যাশা।