Image description

জুলাই গণঅভ্যুত্থান দিবস উপলক্ষে ময়মনসিংহের নান্দাইলে শহীদ পরিবারের সদস্যদের নিয়ে শহীদ মিনার প্রাঙ্গণে বৃক্ষরোপণ কর্মসূচি অনুষ্ঠিত হয়েছে।

মঙ্গলবার (৫ আগস্ট) সকালে তথ্য ও সম্প্রচার প্রতিমন্ত্রী এবং ময়মনসিংহ-৯ (নান্দাইল) আসনের সংসদ সদস্য ইয়াসের খান চৌধুরী, এমপি প্রধান অতিথি হিসেবে কর্মসূচিতে অংশ নেন। এ সময় তিনি শহীদ পরিবারের সদস্যদের সঙ্গে শহীদ মিনার প্রাঙ্গণে একটি কৃষ্ণচূড়ার চারা রোপণ করেন এবং জুলাই গণঅভ্যুত্থানে আত্মোৎসর্গকারী শহীদদের প্রতি গভীর শ্রদ্ধা নিবেদন করেন।

কর্মসূচিতে উপস্থিত ছিলেন নান্দাইল উপজেলা সহকারী কমিশনার (ভূমি) সালাহ উদ্দিন মাহমুদ, উপজেলা বিএনপির সিনিয়র যুগ্ম আহ্বায়ক মিজানুর রহমান লিটন, উপজেলা প্রশাসনের বিভিন্ন দপ্তরের কর্মকর্তা, রাজনৈতিক নেতৃবৃন্দ, শহীদ পরিবারের সদস্য এবং স্থানীয় গণ্যমান্য ব্যক্তিবর্গ।

বক্তারা বলেন, জুলাই গণঅভ্যুত্থানের শহীদদের আত্মত্যাগ জাতির ইতিহাসে চিরস্মরণীয় হয়ে থাকবে। তাঁদের স্মৃতি সংরক্ষণ, পরিবেশ রক্ষা এবং নতুন প্রজন্মের মধ্যে দেশপ্রেম, গণতান্ত্রিক মূল্যবোধ ও পরিবেশ-সচেতনতা জাগ্রত করতেই এ ধরনের বৃক্ষরোপণ কর্মসূচির আয়োজন করা হয়েছে। তাঁরা ভবিষ্যতেও এ ধরনের উদ্যোগ অব্যাহত রাখার ওপর গুরুত্বারোপ করেন।