Image description

গ্যাস সংকট নিরসন, ভয়াবহ লোডশেডিং বন্ধ, বিদ্যুতের মূল্য কমানো, ভুতুড়ে বিল আদায় বন্ধ এবং নিত্যপ্রয়োজনীয় দ্রব্যমূল্য নিয়ন্ত্রণের দাবিতে ভোলায় প্রধানমন্ত্রীর কাছে স্মারকলিপি প্রদান করা হয়েছে। বৃহস্পতিবার (৬ আগস্ট) দুপুরে জেলা প্রশাসক ডা. শামীম রহমানের মাধ্যমে প্রধানমন্ত্রীর উদ্দেশ্যে এই স্মারকলিপি প্রদান করে ১১ দলীয় ঐক্যজোট।

স্মারকলিপিতে জোটের পক্ষ থেকে পাঁচ দফা দাবি উত্থাপন করা হয়। দাবিগুলো হলো—গ্যাস সংকট দূর করতে কার্যকর ব্যবস্থা গ্রহণ, লোডশেডিং বন্ধ করে নিরবচ্ছিন্ন বিদ্যুৎ সরবরাহ নিশ্চিত করা, বিদ্যুতের মূল্য কমানো, ভুতুড়ে বিল আদায় বন্ধ করে দায়ীদের বিরুদ্ধে ব্যবস্থা নেওয়া এবং নিত্যপ্রয়োজনীয় পণ্যের দাম সাধারণ মানুষের ক্রয়ক্ষমতার মধ্যে আনা।

জোটের নেতারা জানান, জনগণের মৌলিক চাহিদা পূরণ এবং নিরবচ্ছিন্ন সেবা নিশ্চিত করা সরকারের অন্যতম দায়িত্ব। কিন্তু বর্তমানে গ্যাস ও বিদ্যুৎ সংকটের পাশাপাশি দ্রব্যমূল্য বৃদ্ধির ফলে জনদুর্ভোগ চরমে পৌঁছেছে। এসব দাবি বাস্তবায়িত হলে সামাজিক স্থিতিশীলতা বজায় থাকবে এবং সরকারের ওপর জনগণের আস্থা বৃদ্ধি পাবে বলে তারা উল্লেখ করেন।

স্মারকলিপি প্রদানকালে উপস্থিত ছিলেন ১১ দলীয় জোটের ভোলা জেলা শাখার যুগ্ম আহ্বায়ক মাওলানা মো. হারুনুর রশিদ, এনসিপি জেলা আহ্বায়ক অ্যাডভোকেট মোহাম্মদ জিয়াউর রহমান, সিনিয়র যুগ্ম সদস্য সচিব মোহাম্মদ মাকসুদুর রহমান, বাংলাদেশ জামায়াতে ইসলামীর জেলা সহকারী সেক্রেটারি মাওলানা আব্বাস উদ্দিন, জেলা কর্মপরিষদ সদস্য অধ্যাপক আমির হোসাইন, সদর উপজেলা আমির মাওলানা কামাল হোসেন, পৌর আমির মাওলানা জামাল উদ্দিন এবং নায়েবে আমির মো. রুহুল আমিন প্রমুখ।

মানবকণ্ঠ/ডিআর