Image description

ময়মনসিংহের নান্দাইল উপজেলায় মাদকদ্রব্য ও মাদক সেবনের সরঞ্জামসহ এক নারীকে আটক করে ভ্রাম্যমাণ আদালতের মাধ্যমে তিন মাসের বিনাশ্রম কারাদণ্ড দেওয়া হয়েছে।

বৃহস্পতিবার (৬ আগস্ট) উপজেলার কাকচর মহল্লার কসাই বাড়ির মোড়ে অভিযান চালিয়ে ওই নারীকে আটক করা হয়। দণ্ডপ্রাপ্ত নারী নাজমা আক্তার (৩০)। তিনি ময়মনসিংহের ত্রিশাল উপজেলার বক্সীনগর গ্রামের মৃত মমতাজ উদ্দিনের মেয়ে।

ভ্রাম্যমাণ আদালত সূত্রে জানা গেছে, নাজমা আক্তার দীর্ঘদিন ধরে নান্দাইল উপজেলার কাকচর এলাকায় ভাড়া বাসায় বসবাস করে মাদক ব্যবসার সঙ্গে জড়িত ছিলেন।

নান্দাইল উপজেলা সহকারী কমিশনার (ভূমি) ও এক্সিকিউটিভ ম্যাজিস্ট্রেট সালাহ্ উদ্দিন মাহমুদ জানান, অভিযানের সময় নাজমা আক্তারের কাছ থেকে মাদকদ্রব্য ও মাদক সেবনের বিভিন্ন সরঞ্জাম উদ্ধার করা হয়। জিজ্ঞাসাবাদে তিনি মাদক সেবনের বিষয়টি স্বীকার করেন।

পরে ভ্রাম্যমাণ আদালত প্রযোজ্য আইনে নাজমা আক্তারকে তিন মাসের বিনাশ্রম কারাদণ্ড প্রদান করেন। অভিযানের সময় আইনশৃঙ্খলা রক্ষাকারী বাহিনীর সদস্যরা উপস্থিত ছিলেন।