Image description

রংপুরের মিঠাপুকুর উপজেলায় এক গৃহবধূকে জোরপূর্বক টেনেহিঁচড়ে কলাবাগানে নিয়ে ধর্ষণের অভিযোগ উঠেছে। গত বুধবার (৫ আগস্ট) দুপুরে উপজেলার হযরতপুর এলাকায় এ ঘটনা ঘটে। এ ঘটনায় অভিযুক্ত ব্যক্তির বিরুদ্ধে মিঠাপুকুর থানায় একটি ধর্ষণ মামলা দায়েরের প্রক্রিয়া চলছে।

স্থানীয় সূত্রে জানা যায়, ভুক্তভোগী ওই গৃহবধূর (১৫) বিয়ে হয়েছে প্রায় এক বছর আগে। গত বুধবার দুপুরে পাশের গ্রামে একটি বিয়ের অনুষ্ঠান দেখে তিনি বাবার বাড়িতে ফিরছিলেন। পথিমধ্যে হয়বতপুর এলাকার একটি কলাবাগানের সামনে পৌঁছালে অভিযুক্ত মতলুব মিয়া (৪৯) তাকে জোরপূর্বক টেনেহিঁচড়ে বাগানের ভেতরে নিয়ে যান এবং সেখানে তাকে ধর্ষণ করেন বলে অভিযোগ পাওয়া গেছে।

এ সময় ভুক্তভোগীর চিৎকার শুনে স্থানীয় এক নারী ঘটনাস্থলে ছুটে এলে অভিযুক্ত মতলুব মিয়া দ্রুত পালিয়ে যান। ঘটনার পর থেকেই তিনি এলাকা ছেড়ে পলাতক রয়েছেন। অভিযুক্ত মতলুব মিয়া উপজেলার মির্জাপুর ইউনিয়নের হযরতপুর গ্রামের মৃত জমির উদ্দিনের ছেলে।

এ বিষয়ে মিঠাপুকুর থানার অফিসার ইনচার্জ (ওসি) মোঃ এরশাদুল হক জানান, অভিযোগ পাওয়ার পরপরই ভুক্তভোগীকে ডাক্তারি পরীক্ষা এবং প্রয়োজনীয় সহায়তার জন্য ভিকটিম সাপোর্ট সেন্টারে পাঠানো হয়েছে। এ ঘটনায় মামলা দায়েরের প্রস্তুতি চলমান রয়েছে এবং অভিযুক্তকে গ্রেপ্তারে পুলিশি অভিযান শুরু হয়েছে।

মানবকণ্ঠ/ডিআর