সমাজকল্যাণ প্রতিমন্ত্রী ব্যারিস্টার ফারজানা শারমিন পুতুল বলেছেন, অতীতে আওয়ামী লীগের শাসনামলে বর্তমান ক্ষমতাসীন দলের নেতাকর্মীরা ব্যাপক নির্যাতনের শিকার হয়েছেন। সেই প্রেক্ষাপটে আওয়ামী লীগের প্রতি নমনীয় আচরণ করার কোনো কারণ দেখেন না তিনি।
শুক্রবার (৭ আগস্ট) দুপুরে কুষ্টিয়ার মিরপুর মাধ্যমিক বালিকা বিদ্যালয়ে আয়োজিত এক মতবিনিময় সভা শেষে সাংবাদিকদের প্রশ্নের জবাবে তিনি এ মন্তব্য করেন।
প্রতিমন্ত্রী বলেন, সরকার দেশে একটি গণতান্ত্রিক রাষ্ট্রব্যবস্থা প্রতিষ্ঠার লক্ষ্যে কাজ করছে এবং সে লক্ষ্য পূরণে প্রয়োজনীয় সব পদক্ষেপ নেওয়া হবে। আওয়ামী লীগের প্রতি সরকার নমনীয় আচরণ করছে—এমন মন্তব্যের বিষয়ে তিনি বলেন, যিনি এ কথা বলেছেন, তার কাছেই এ বক্তব্যের ব্যাখ্যা চাওয়া উচিত।
ভারত থেকে সম্প্রতি অনুষ্ঠিত একটি সংবাদ সম্মেলনের প্রসঙ্গ টেনে তিনি বলেন, এ ঘটনার পরিপ্রেক্ষিতে বাংলাদেশের পররাষ্ট্র মন্ত্রণালয় যে প্রতিবাদ জানিয়েছে, তা দেশের ইতিহাসে অন্যতম শক্ত অবস্থান বলে তিনি মনে করেন।
বিমানবন্দরসহ বিভিন্ন গুরুত্বপূর্ণ স্থাপনায় জারি করা সতর্কতা প্রসঙ্গে প্রতিমন্ত্রী বলেন, এর পেছনে বিশেষ কোনো কারণ নেই; এটি নিয়মিত নিরাপত্তা কার্যক্রমের অংশ।
পদ্মার চরাঞ্চলের আইনশৃঙ্খলা পরিস্থিতি নিয়ে তিনি বলেন, দীর্ঘদিন ধরে এসব এলাকায় অপরাধ সংঘটিত হয়ে আসছে। সরকার আইনশৃঙ্খলা রক্ষাকারী বাহিনীর সঙ্গে সমন্বয় রেখে পরিস্থিতি নিয়ন্ত্রণে কাজ করছে। পাশাপাশি বিভিন্ন উন্নয়ন প্রকল্প বাস্তবায়নের মাধ্যমে চরাঞ্চলকে অপরাধমুক্ত ও উন্নত জনপদে রূপান্তরের উদ্যোগ নেওয়া হয়েছে। তিনি আশা প্রকাশ করেন, ভবিষ্যতে এসব অপরাধ সম্পূর্ণভাবে নিয়ন্ত্রণে আনা সম্ভব হবে।
মতবিনিময় সভায় কুষ্টিয়া-১ আসনের সংসদ সদস্য রেজা আহমেদ বাচ্চু, সংরক্ষিত মহিলা সংসদ সদস্য ফরিদা ইয়াসমিন, কুষ্টিয়া জেলা পরিষদের প্রশাসক অধ্যক্ষ সোহরাব উদ্দিন, বিএনপির নেতা ব্যারিস্টার রাগিব রউফ চৌধুরীসহ স্থানীয় নেতারা উপস্থিত ছিলেন।
Comments