পৈতৃক বসতঘর, ভিটেমাটি ও উর্বর কৃষিজমি রক্ষার দাবিতে নারায়ণগঞ্জের রূপগঞ্জ উপজেলার কায়েতপাড়া ইউনিয়নের শতাধিক বাসিন্দা গণঅভিযোগ দায়ের ও মানববন্ধন কর্মসূচি পালন করেছেন।
শুক্রবার (৭ আগস্ট) বিকেলে রূপগঞ্জ থানা কার্যালয়ের সামনে এ মানববন্ধন অনুষ্ঠিত হয়। এতে কায়েতপাড়া ইউনিয়নের বিভিন্ন এলাকার ভুক্তভোগী জমির মালিক ও কৃষকরা অংশ নেন। এর আগে তারা রূপগঞ্জ থানায় গণঅভিযোগ দায়ের করেন।
মানববন্ধনে বক্তব্য দেন মাঝিনা এলাকার জমির মালিক রফিকুল ইসলাম, মাঝিনা নদীরপাড় এলাকার ইলিয়াস পারভেজ, ইছাখালী এলাকার অ্যাডভোকেট নাজমুল ইসলাম, আহসান উল্লাহ মাস্টার ও পশ্চিমগাঁও এলাকার গৃহিণী হাসনা বেগমসহ স্থানীয় বাসিন্দারা।
বক্তারা অভিযোগ করে বলেন, কায়েতপাড়া ইউনিয়নের ১৭টি মৌজার ৪২টি গ্রামের কৃষিজমি ও বসতভিটাসহ প্রায় ৮ হাজার একর জমিতে একটি প্রভাবশালী চক্র জোরপূর্বক ও অবৈধভাবে বালু ভরাট করে আবাসন প্রকল্পের নামে দখলের চেষ্টা করছে। এতে স্থানীয় কৃষক ও জমির মালিকরা তাদের পৈতৃক সম্পত্তি হারানোর আশঙ্কায় রয়েছেন।
তারা আরও অভিযোগ করেন, অবৈধ বালু ভরাটের প্রতিবাদ করতে গেলে বিভিন্নভাবে হয়রানি ও মামলার ভয় দেখানো হচ্ছে। এ পরিস্থিতিতে জমি ও বসতভিটা রক্ষায় স্থায়ী সমাধানের দাবিতে তারা ধারাবাহিক কর্মসূচি পালন করছেন।
বক্তারা বলেন, “আজ শতাধিক অভিযোগ থানায় দায়ের করার পর মানববন্ধন করেছি। আমাদের দাবি বাস্তবায়ন না হলে আগামীতে আরও বৃহত্তর কর্মসূচি পালন করা হবে।”
এ বিষয়ে নারায়ণগঞ্জ জেলা পুলিশের এএসপি ‘গ’ সার্কেল মেহেদী ইসলাম বলেন, অভিযোগগুলো খতিয়ে দেখে আইন অনুযায়ী প্রয়োজনীয় ব্যবস্থা নেওয়া হবে।




Comments