ময়মনসিংহের হালুয়াঘাটে টানা দুই দিনের ভারী বর্ষণ ও জলাবদ্ধতার পানির চাপে একটি গুরুত্বপূর্ণ সড়কের একাংশ ধসে পড়েছে। এতে হালুয়াঘাট ও শেরপুরের নালিতাবাড়ী উপজেলার মধ্যে সব ধরনের যান চলাচল বন্ধ হয়ে গেছে। গত শুক্রবার (৭ আগস্ট) দিবাগত মধ্যরাতে হালুয়াঘাট উপজেলার ১০নং ধুরাইল বাজার এলাকায় এই সড়ক ধসের ঘটনা ঘটে।
সড়কটি বিচ্ছিন্ন হওয়ায় দুই উপজেলার অন্তত সাতটি ইউনিয়নের হাজারো মানুষ চরম ভোগান্তিতে পড়েছেন। বর্তমানে যান চলাচল বন্ধ থাকায় স্থানীয়রা ভেঙে যাওয়া অংশে বাঁশের সাঁকো দিয়ে ঝুঁকি নিয়ে পারাপার হচ্ছেন। অনেককে আবার দুই থেকে তিন কিলোমিটার অতিরিক্ত পথ ঘুরে বিকল্প কাঁচা সড়ক দিয়ে যাতায়াত করতে হচ্ছে।
স্থানীয়দের অভিযোগ, সড়কের পাশে পানি নিষ্কাশনের কার্যকর ব্যবস্থা না থাকায় দীর্ঘ সময় বৃষ্টির পানি জমে ছিল। একপর্যায়ে পানির প্রবল চাপে সড়কের নিচের মাটি সরে গিয়ে বড় গর্তের সৃষ্টি হয়। পরদিন সকালে গর্তের আকার আরও বৃদ্ধি পেলে সড়কটি জনসাধারণের জন্য অত্যন্ত ঝুঁকিপূর্ণ হয়ে পড়ে।
ধসে যাওয়া সড়কটি অত্যন্ত গুরুত্বপূর্ণ যোগাযোগপথ হিসেবে পরিচিত। এটি হালুয়াঘাট উপজেলার ধারা, ধুরাইল, কৈচাপুর ও আমতৈল ইউনিয়নের মানুষের নালিতাবাড়ী যাওয়ার প্রধান মাধ্যম। একইভাবে নালিতাবাড়ী উপজেলার মরিচপুরান ও রূপনারায়ণকুড়া ইউনিয়নের বাসিন্দারাও এই পথেই হালুয়াঘাটে যাতায়াত করেন। বর্তমানে এই পথে যোগাযোগ বিচ্ছিন্ন থাকায় ব্যবসায়ী, শিক্ষার্থী ও জরুরি প্রয়োজনে চলাচলকারী সাধারণ মানুষ বিপাকে পড়েছেন।
স্থানীয় বাসিন্দা মাহমুদুল হাসান ইতু বলেন, "হঠাৎ সড়কটি ভেঙে যাওয়ায় সাধারণ মানুষ চরম ভোগান্তিতে পড়েছেন। দ্রুত সংস্কার করে এটি চলাচলের উপযোগী করা জরুরি।"
এ বিষয়ে হালুয়াঘাট উপজেলা প্রকৌশলী মো. আব্দুর রউফ বলেন, "সড়ক ধসে যাওয়ার বিষয়টি আমরা অবগত হয়েছি। আমাদের দপ্তরের কর্মকর্তাদের ঘটনাস্থলে পাঠানো হয়েছে। পরিস্থিতি পর্যবেক্ষণ করে দ্রুত সড়কটি মেরামতের জন্য প্রয়োজনীয় ব্যবস্থা নেওয়া হবে।"
ভুক্তভোগী সাধারণ মানুষ দ্রুত সড়কটি সংস্কারের পাশাপাশি স্থায়ী পানি নিষ্কাশন ব্যবস্থা নিশ্চিত করার জোর দাবি জানিয়েছেন, যাতে ভবিষ্যতে একই ধরণের ঘটনার পুনরাবৃত্তি না ঘটে।
মানবকণ্ঠ/ডিআর




Comments