আশুলিয়ায় কাফনের কাপড় ও গুলি পাঠিয়ে বিএনপি নেতাকে হত্যার হুমকি
প্রিয় ইসমাঈল মোল্লা চাচা, ক্ষণিকের দুনিয়াতে এত বড়াই কিসের?
ঢাকার সাভারের আশুলিয়ায় বিএনপির এক নেতাকে কাফনের কাপড়, গুলি ও হুমকির চিঠি পাঠিয়ে হত্যার হুমকি দেওয়ার অভিযোগ উঠেছে। শনিবার (৮ আগস্ট) ভোরে ওই নেতার বাড়ির ফটকে একটি ব্যাগ রেখে যায় দুর্বৃত্তরা। ব্যাগের ভেতর কাফনের কাপড়, একটি গুলি, আতর, গোলাপজল, সাবান ও একটি হুমকির চিঠি পাওয়া যায়। এ ঘটনায় এলাকায় আতঙ্ক ছড়িয়ে পড়েছে।
হুমকির শিকার ব্যক্তি হলেন আশুলিয়ার ইয়ারপুর ইউনিয়ন বিএনপির সিনিয়র সহ-সভাপতি ও মেম্বার পদপ্রার্থী মো. ইসমাইল হোসেন মোল্লা।
ইসমাইল হোসেন মোল্লা জানান, শনিবার ভোর ৫টার দিকে ঘুম থেকে উঠে তিনি বাড়ির ফটকের সামনে একটি ব্যাগ দেখতে পান। পরে ব্যাগটি খুলে এর ভেতরে কাফনের কাপড়, গোলাপজল, সাবান, একটি গুলি ও একটি চিঠি দেখতে পান। বিষয়টি তাৎক্ষণিকভাবে আশুলিয়া থানা পুলিশকে জানালে পুলিশ ঘটনাস্থলে গিয়ে ব্যাগটি উদ্ধার করে।
পুলিশ জানায়, ব্যাগের ভেতর কাফনের কাপড়, একটি গুলি, আতর, গোলাপজল, সাবান ও একটি হুমকির চিঠি পাওয়া গেছে। চিঠিতে ইসমাইল হোসেন মোল্লা ও তাঁর পরিবারের সদস্যদের বিভিন্নভাবে হুমকি দেওয়া হয়।
চিঠিতে লেখা হয়, “প্রিয় ইসমাঈল মোল্লা চাচা, ক্ষণিকের দুনিয়াতে এত বড়াই কিসের? আপনি বা আপনার পরিবারের লোকজন যেভাবে উড়তেছেন, এটা তো ভালো হচ্ছে না। জামাই জন সাথে নিয়ে বেশি উইড়েন না, তাহলে কে কখন সালাম দিবে নিজেও বুঝতে পারবেন না।”
চিঠিতে আরও উল্লেখ করা হয়, “ভালোবেসে শেষ বিদায়ের সকল কিছুই দিয়ে পাঠালাম। যদি মনে হয় নিজেদের সংশোধন করবেন, তাহলে কোনো ঝামেলা নেই। কিন্তু আজকের পরেও যদি উড়তে থাকেন, তাহলে আপনার নামে আমাদের তরফ থেকে অদৃশ্য কেউ পৌঁছে যাবে সালাম দিবে। পরকালে এর ঠিকানাতে চলে যাবেন। ইতি—অদৃশ্য মুসাফির।”
এ বিষয়ে মো. ইসমাইল হোসেন মোল্লা বলেন, “ঘুম থেকে উঠে দেখি, আমার গেটে একটি ব্যাগ। ব্যাগটি খুলে দেখি ভেতরে কাফনের কাপড়, গোলাপজল, সাবান, একটি বুলেট ও একটি চিঠি। সঙ্গে সঙ্গে থানায় খবর দিলে পুলিশ আসে। আমাকে যে হুমকি দেওয়া হয়েছে, এতে আমি ভয় পাই না। এ ব্যাপারে আইনগত পদক্ষেপ নেব।”
আশুলিয়া থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মোহাম্মদ তরিকুল ইসলাম বলেন, খবর পেয়ে ঘটনাস্থল থেকে একটি ব্যাগ উদ্ধার করা হয়েছে। ব্যাগের ভেতর কাফনের কাপড়, একটি গুলি, আতর, গোলাপজল, সাবান ও একটি চিঠি পাওয়া গেছে। এ ঘটনায় আইনগত প্রক্রিয়া চলমান রয়েছে।




Comments