এসএসসি পরীক্ষার ফলাফলে সাফল্যের ধারা অব্যাহত রেখেছে ফেনী গার্লস ক্যাডেট কলেজ। চলতি বছরের এসএসসি পরীক্ষায় প্রতিষ্ঠানটির ৫৬ জন শিক্ষার্থী অংশ নিয়ে ৫৫ জনই জিপিএ-৫ পেয়েছে। সোমবার (১০ আগস্ট) সকালে এক প্রেস বিজ্ঞপ্তিতে এ তথ্য জানানো হয়।
গত বছরও প্রতিষ্ঠানটির ৫২ জন পরীক্ষার্থীর মধ্যে ৫১ জন জিপিএ-৫ পেয়েছিল। অর্থাৎ এবারও প্রায় সব পরীক্ষার্থীই সর্বোচ্চ গ্রেড অর্জন করেছে।
ফলাফলে সন্তোষ প্রকাশ করে কলেজের ১৮তম ইনটেকের শিক্ষার্থীদের অভিনন্দন জানিয়েছেন অধ্যক্ষ এস এম ফয়সল পিএসসি।
তিনি বলেন, এ সাফল্যের পেছনে সেনাসদরের সঠিক নির্দেশনা, কলেজ প্রশাসনের সময়োপযোগী উদ্যোগ, অনুষদ সদস্যদের আন্তরিক পাঠদান ও প্রেরণা এবং ক্যাডেটদের নিরলস অধ্যবসায় গুরুত্বপূর্ণ ভূমিকা রেখেছে।
অধ্যক্ষ আরও বলেন, ক্যাডেট কলেজে অনুসৃত শৃঙ্খলা, কঠোর অনুশাসন ও যুগোপযোগী শিক্ষাদান পদ্ধতির ফলেই শিক্ষার্থীরা প্রতিবছর একাডেমিক ক্ষেত্রে দৃষ্টান্তমূলক ফলাফল করছে। নিয়মানুবর্তিতা ও অধ্যবসায় থাকলে অল্প সময়ের পাঠপরিক্রমাতেও বড় অর্জন সম্ভব।
ফেনী গার্লস ক্যাডেট কলেজ প্রতিষ্ঠার পর থেকেই কুমিল্লা শিক্ষা বোর্ডের অন্যতম সেরা প্রতিষ্ঠান হিসেবে নিজেদের অবস্থান ধরে রেখেছে বলেও জানান তিনি।
এদিকে ক্যাডেটদের আরও সমৃদ্ধ ভবিষ্যৎ কামনা করে তাদের এবং অভিভাবকদের অভিনন্দন জানিয়েছে কলেজ কর্তৃপক্ষ।




Comments