Image description

ময়মনসিংহ শিক্ষা বোর্ডে এবার এসএসসি পরীক্ষায় পাসের হার ৫৭ দশমিক ৩৯ শতাংশ। এ বোর্ডে মোট ৬০ হাজার ২৭৪ জন শিক্ষার্থী পাস করেছে। তাদের মধ্যে ছেলে ২৮ হাজার ৩৭২ জন এবং মেয়ে ৩১ হাজার ৯০২ জন। এ হিসাবে পাসের সংখ্যা ও জিপিএ-৫ প্রাপ্তিতে এবার মেয়েরা এগিয়ে রয়েছে।

সোমবার (১০ আগস্ট) সকাল ১০টায় ময়মনসিংহ শিক্ষা বোর্ডের সচিব প্রফেসর মো. এনামুল হক প্রেস ব্রিফিংয়ে এসব তথ্য জানান।

তিনি জানান, এবারের এসএসসি পরীক্ষায় ময়মনসিংহ শিক্ষা বোর্ড থেকে মোট এক লাখ ৫ হাজার ২৮ জন শিক্ষার্থী অংশ নেয়। এর মধ্যে পাস করেছে ৬০ হাজার ২৭৪ জন। জিপিএ-৫ পেয়েছে ৫ হাজার ৭০০ জন। তাদের মধ্যে ছেলে ২ হাজার ৬২১ জন এবং মেয়ে ৩ হাজার ৭৯ জন।

প্রেস ব্রিফিংয়ে আরও জানানো হয়, এবার ময়মনসিংহ শিক্ষা বোর্ডের ১০টি শিক্ষাপ্রতিষ্ঠানের শতভাগ পরীক্ষার্থী পাস করেছে। বিপরীতে শতভাগ অকৃতকার্য হয়েছে এমন প্রতিষ্ঠানের সংখ্যা চারটি। তবে তাৎক্ষণিকভাবে এসব প্রতিষ্ঠানের নাম জানা যায়নি।

ব্রিফিংয়ে আরও উপস্থিত ছিলেন উপপরীক্ষা নিয়ন্ত্রক মো. সিরাজুল ইসলাম, পরীক্ষা নিয়ন্ত্রক প্রফেসর মো. শাহাদাত মোল্লাসহ বোর্ডের অন্যান্য কর্মকর্তারা।

প্রসঙ্গত, ময়মনসিংহ শিক্ষা বোর্ডের অধীনে এবার এক হাজার ৩৪৪টি শিক্ষাপ্রতিষ্ঠানের ৭৫ হাজার ৮৫৫ জন শিক্ষার্থী ১৮৮টি কেন্দ্রে অনুষ্ঠিত এসএসসি পরীক্ষায় অংশ নেয়।

এসএ