দুই দেশের সম্পর্ক স্বাভাবিক করার উদ্যোগের মধ্যে ঢাকায় এসেছেন ভারতের বহিঃগোয়েন্দা সংস্থা রিসার্চ অ্যান্ড অ্যানালাইসিস উইং—‘র’-এর প্রধান পরাগ জৈন।
সরকারের একটি সূত্র জানিয়েছে, বাংলাদেশি সংশ্লিষ্ট কর্তৃপক্ষের আমন্ত্রণে চার সদস্যের একটি উচ্চপর্যায়ের প্রতিনিধি দল নিয়ে ঢাকায় এসেছেন তিনি। পরাগ জৈনের নেতৃত্বাধীন প্রতিনিধি দলে রয়েছেন অশ্বীন মুকুন্দ কোটনিস, রাহুল নেগি ও শৈবাল রায় চৌধুরী।
রোববার দুপুরে এয়ার ইন্ডিয়ার একটি ফ্লাইটে ঢাকার হযরত শাহজালাল আন্তর্জাতিক বিমানবন্দরে পৌঁছান তারা। ঢাকার একটি হোটেলে প্রতিনিধি দলের সদস্যরা অবস্থান করবেন বলে সরকারি সূত্র জানিয়েছে।
পরাগ জৈন ‘র’-এর সেক্রেটারির পাশাপাশি ভারতের স্পেশাল প্রোটেকশন গ্রুপের (এসপিজি) স্পেশাল সেক্রেটারি হিসেবেও দায়িত্ব পালন করছেন।
ঢাকায় আসার আগে পরাগ জৈন চীন সফর করেছেন বলেও জানা গেছে।
দুই দেশের সম্পর্কের টানাপোড়েনের মধ্যে ‘র’ প্রধানের এই ঢাকা সফরকে বিশেষ গুরুত্ব দিয়ে দেখা হচ্ছে। তবে সফরে তিনি কার সঙ্গে বৈঠক করবেন বা কী বিষয়ে আলোচনা হবে, সে বিষয়ে এখনো বিস্তারিত জানা যায়নি।
এসএস




Comments