Image description

রাঙ্গামাটির বাঘাইছড়িতে অবৈধ ও অপরিকল্পিতভাবে বালু উত্তোলনের বিরুদ্ধে বালুমহালে ঝটিকা অভিযান ও মোবাইল কোর্ট পরিচালনা করেছে পরিবেশ অধিদপ্তর। অভিযানে বালু উত্তোলনের সরঞ্জাম জব্দসহ অভিযুক্তদের বিরুদ্ধে আইনানুগ ব্যবস্থা গ্রহণের প্রক্রিয়া শুরু হয়েছে।

মঙ্গলবার (১১ আগস্ট) বিকেলে উপজেলার ৩৩ নম্বর মারিশ্যা ইউনিয়নের ৯ নম্বর ওয়ার্ডের পুরাতন মারিশ্যা এলাকায় এই অভিযান চালানো হয়। অভিযানে অবৈধভাবে উত্তোলন করে রাখা ৫টি বড় বালুর স্তূপ এবং বালু উত্তোলনে ব্যবহৃত ৩টি শক্তিশালী সেলু মেশিন জব্দ করা হয়।

জব্দকৃত মালামালগুলো পরবর্তী নির্দেশ না দেওয়া পর্যন্ত ৩৭৮ নম্বর মারিশ্যা মৌজার হেডম্যান এন্ড্রু খিসার জিম্মায় রাখা হয়েছে।

অভিযান শেষে পরিবেশ অধিদপ্তরের জেলা পরিদর্শক মমিনুল ইসলাম জানান, দীর্ঘদিন ধরে ওই এলাকায় নিয়মবহির্ভূতভাবে বালু উত্তোলন করা হচ্ছে— এমন সুনির্দিষ্ট অভিযোগের ভিত্তিতেই এই অভিযান পরিচালনা করা হয়েছে। তিনি আরও জানান, বেআইনিভাবে বালু উত্তোলনের দায়ে অভিযুক্ত ব্যক্তিদের বিরুদ্ধে নিয়মিত মামলা দায়েরের প্রক্রিয়া চলমান রয়েছে। পরিবেশ রক্ষায় এ ধরনের অভিযান ভবিষ্যতে আরও জোরদার করা হবে।

এলাকাবাসী পরিবেশ অধিদপ্তরের এই পদক্ষেপকে স্বাগত জানিয়েছেন। তাদের দাবি, অপরিকল্পিতভাবে বালু উত্তোলনের ফলে নদী ভাঙনসহ পরিবেশের অপূরণীয় ক্ষতি হচ্ছে।

ডিআর