Image description

রাজবাড়ী সদর হাসপাতালে সাপের কামড়ে আক্রান্ত যুবক হৃদয়ের চিকিৎসায় অবহেলার অভিযোগে সংশ্লিষ্টদের বিরুদ্ধে লিগ্যাল নোটিশ পাঠানো হয়েছে। নোটিশে নিহতের পরিবারকে ৫০ লাখ টাকা ক্ষতিপূরণ প্রদান, একটি স্বাধীন তদন্ত কমিটি গঠন এবং দায়ীদের বিরুদ্ধে আইনগত ব্যবস্থা নেওয়ার দাবি জানানো হয়েছে।

মঙ্গলবার (১১ আগস্ট) সুপ্রিম কোর্টের আইনজীবী মো. সাজেদুল ইসলাম রুবেল জনস্বার্থে সংশ্লিষ্ট কর্তৃপক্ষকে ‘ডিমান্ড ফর জাস্টিস’ শীর্ষক এই আইনি নোটিশ পাঠান।

নোটিশের বিবরণ অনুযায়ী, গত ৭ আগস্ট দুপুরে সাপের কামড়ে আক্রান্ত হৃদয়কে জরুরি ভিত্তিতে রাজবাড়ী সদর হাসপাতালে নেওয়া হয়। অভিযোগ উঠেছে, ওই সময় হাসপাতালে পর্যাপ্ত অ্যান্টিভেনম মজুত থাকা সত্ত্বেও কর্তব্যরত চিকিৎসকরা তা প্রয়োগ করেননি। বরং তাকে উন্নত চিকিৎসার অজুহাতে ফরিদপুর মেডিকেল কলেজ হাসপাতালে স্থানান্তর (রেফার) করা হয়। পরবর্তীতে সেখানে চিকিৎসাধীন অবস্থায় হৃদয়ের মৃত্যু হয়।

এই ঘটনায় রাজবাড়ীর সিভিল সার্জন, রাজবাড়ী সদর হাসপাতালের তত্ত্বাবধায়ক, সে সময় দায়িত্বপ্রাপ্ত চিকিৎসকসহ সংশ্লিষ্ট কর্তৃপক্ষকে নোটিশের আওতায় আনা হয়েছে।

লিগ্যাল নোটিশে দাবি করা হয়েছে, হৃদয়ের চিকিৎসায় অবহেলার বিষয়টি খতিয়ে দেখতে অবিলম্বে একটি স্বাধীন তদন্ত কমিটি গঠন করতে হবে এবং তদন্তে দোষী প্রমাণিত ব্যক্তিদের বিরুদ্ধে কঠোর আইনানুগ ব্যবস্থা নিতে হবে। একই সাথে ভুক্তভোগী পরিবারকে ৫০ লাখ টাকা ক্ষতিপূরণ দেওয়ার দাবি জানানো হয়েছে।

এছাড়া দেশের প্রতিটি হাসপাতালে সাপের কামড়ে আক্রান্ত রোগীদের চিকিৎসায় ২৪ ঘণ্টা অ্যান্টিভেনম সেবা নিশ্চিত করতে প্রয়োজনীয় 'স্ট্যান্ডার্ড অপারেটিং প্রসিডিউর' (এসওপি) চালুর জোরালো দাবি জানানো হয়েছে নোটিশে।

আইনজীবী মো. সাজেদুল ইসলাম রুবেল জানান, নোটিশ প্রাপ্তির সাত দিনের মধ্যে এসব দাবি বাস্তবায়নে কার্যকর পদক্ষেপ গ্রহণ না করা হলে সংশ্লিষ্টদের বিরুদ্ধে উচ্চ আদালতে (হাইকোর্ট) রিট পিটিশন দায়ের করা হবে।

তিনি আরও বলেন, "চিকিৎসায় অবহেলার কারণে একটি তাজা প্রাণ ঝরে যাবে, তা মেনে নেওয়া যায় না। যথাযথ তদন্তের মাধ্যমে দায়ীদের জবাবদিহির আওতায় আনা এবং ভুক্তভোগী পরিবারকে ন্যায়বিচার পাইয়ে দেওয়াই আমাদের এই আইনি পদক্ষেপের মূল উদ্দেশ্য।"

ডিআর