Image description

দীর্ঘদিন সংস্কার না হওয়ায় নারায়ণগঞ্জের সোনারগাঁও উপজেলার সাদিপুর ইউনিয়নের ৯ নম্বর ওয়ার্ডের একটি সড়ক চলাচলের অনুপযোগী হয়ে পড়েছে। সড়কজুড়ে তৈরি হয়েছে অসংখ্য খানাখন্দ। সামান্য বৃষ্টিতেই এসব গর্তে পানি জমে সড়কটি যেন খণ্ড খণ্ড জলাশয়ে পরিণত হয়। কোথাও কোথাও ড্রেনেজ ব্যবস্থা না থাকায় জলাবদ্ধতার সৃষ্টি হচ্ছে। এতে চরম ভোগান্তিতে পড়েছেন কয়েক হাজার মানুষ।

সাদিপুর ইউনিয়নের অলিপুর থেকে কাজহরদী পর্যন্ত কয়েক কিলোমিটার দীর্ঘ এই সড়ক দিয়ে কয়েকটি ওয়ার্ডের বাসিন্দারা নিয়মিত চলাচল করেন। সরেজমিনে দেখা যায়, ব্যস্ততম সড়কটির বিভিন্ন স্থানে বড় বড় গর্তে সব সময়ই ২ থেকে ৩ ফুট পানি জমে থাকে। দূর থেকে দেখে বোঝার উপায় নেই, এটি সড়ক নাকি পানির ডোবা। বৃষ্টির কারণে সড়কের মাঝখানে সৃষ্টি হওয়া খানাখন্দে পানি জমে থাকায় প্রায়ই ঘটছে ছোট-বড় দুর্ঘটনা। বড় যানবাহন চলাচলও ব্যাহত হচ্ছে।

কয়েক কিলোমিটার সড়কের কোথাও পিচের অস্তিত্ব নেই। দীর্ঘদিন ধরে সংস্কার না হওয়ায় পাকা সড়কটির বিভিন্ন স্থানে ইটের খোয়া বেরিয়ে গেছে। কোথাও কোথাও সৃষ্টি হয়েছে বড় বড় গর্ত। এসব গর্তে পড়ে প্রায়ই যানবাহন বিকল হয়ে পড়ছে। রোগী, শিক্ষার্থী ও বয়স্কদের পাশাপাশি গর্ভবতী নারীদের নিয়ে এ সড়ক দিয়ে চলাচল করতে চরম দুর্ভোগ পোহাতে হচ্ছে।

স্থানীয় সূত্রে জানা যায়, ঢাকা-চট্টগ্রাম মহাসড়কের বিকল্প পথ হিসেবেও সড়কটি গুরুত্বপূর্ণ। মহাসড়কে যানজট দেখা দিলে ছোট-বড় অনেক যানবাহন এই সড়ক ব্যবহার করে। সোনারগাঁও উপজেলার বাসিন্দাদের পাশাপাশি আড়াইহাজার ও বন্দর উপজেলার মানুষও নিয়মিত এ সড়ক দিয়ে চলাচল করেন। এ ছাড়া বন্দর উপজেলার কেওঢালার ইটভাটার গাড়িও নিয়মিত চলাচল করায় সড়কটি দ্রুত ক্ষতিগ্রস্ত হচ্ছে বলে স্থানীয়রা জানান।

স্থানীয় বাসিন্দারা বলেন, ‘এ রাস্তায় অটোরিকশায় উঠলে কলিজা কেঁপে ওঠে। দীর্ঘদিন ধরে সড়কটির কোনো সংস্কার হয়নি। রাস্তার বেহাল অবস্থার কারণে চলাচল করতে আমাদের অনেক কষ্ট হচ্ছে। প্রশাসনের কাছে দ্রুত সড়কটি সংস্কারের দাবি জানাচ্ছি।’

অটোরিকশাচালকদের অভিযোগ, সড়কের বেহাল অবস্থার কারণে প্রতিনিয়ত তাদের গাড়ির বিভিন্ন যন্ত্রাংশ নষ্ট হচ্ছে। সপ্তাহের প্রায় প্রতিদিনই গাড়ি মেরামতের জন্য গ্যারেজে নিতে হয়। এতে উপার্জনের বড় একটি অংশ মেরামত খরচে চলে যাচ্ছে। অন্যদিকে যাত্রীদের কাছ থেকে বাড়তি ভাড়া চাইলে তাদের ক্ষোভের মুখেও পড়তে হয়।

সাদিপুর ইউপি চেয়ারম্যান রমজান আলীর সঙ্গে ফোনে যোগাযোগ করা হলে তিনি বলেন, ‘আমি উপজেলা মিটিংয়ে আছি ভাই। পরে ফোন দিচ্ছি।’

এ বিষয়ে স্থানীয় সরকার প্রকৌশল অধিদপ্তর (এলজিইডি), সোনারগাঁওয়ের নির্বাহী প্রকৌশলী মো. সোহেল হোসেন বলেন, ‘রাস্তাটি অনেক ভাঙাচোরা। আমাদের টিম সেখানে গিয়ে পরিদর্শন করেছে। আগামী মাসের ১৩ তারিখে ঢাকা থেকে একটি টিম এসে রাস্তাটি পরিদর্শন করবে। এরপর দ্রুত সড়কটির সংস্কারকাজ ধরা হবে।’

এসএ