Image description

ময়মনসিংহের নান্দাইল উপজেলার ১২ নম্বর জাহাঙ্গীরপুর ইউনিয়ন ভূমি অফিসের নতুন ভবন নির্মাণের অনুমোদন হয়েছে। বিষয়টি তথ্য ও সম্প্রচার প্রতিমন্ত্রী এবং ময়মনসিংহ-৯ (নান্দাইল) আসনের সংসদ সদস্য ইয়াসের খান চৌধুরী তাঁর ভেরিফায়েড ফেসবুক পেজে দেওয়া এক পোস্টের মাধ্যমে জানিয়েছেন।

বুধবার (১২ আগস্ট) দেওয়া ওই পোস্টে তিনি ‘আলহামদুলিল্লাহ’ লিখে জাহাঙ্গীরপুর ইউনিয়ন ভূমি অফিসের নতুন ভবন নির্মাণকাজের অনুমোদনের খবর জানান।

নতুন ভবন নির্মাণের অনুমোদনের খবরে জাহাঙ্গীরপুর ইউনিয়নবাসীর মধ্যে আনন্দ ও স্বস্তি দেখা দিয়েছে। দীর্ঘদিন ধরে একটি আধুনিক, স্থায়ী ও জনবান্ধব ভূমি অফিস ভবনের প্রয়োজনীয়তা অনুভূত হচ্ছিল। অনুমোদনের মধ্য দিয়ে স্থানীয়দের সেই প্রত্যাশা এখন বাস্তবায়নের পথে এগিয়ে গেল।

স্থানীয়দের মতে, নতুন ভবন নির্মিত হলে ইউনিয়নবাসী ভূমি-সংক্রান্ত বিভিন্ন সেবা আরও সুন্দর, নিরাপদ ও স্বাচ্ছন্দ্যময় পরিবেশে গ্রহণ করতে পারবেন। একই সঙ্গে কর্মকর্তা-কর্মচারীদের কর্মপরিবেশও উন্নত হবে। ফলে ভূমি সেবা কার্যক্রম আরও গতিশীল ও জনবান্ধব হবে বলে আশা করছেন তারা।

স্থানীয়রা আরও বলেন, নতুন ভূমি অফিস ভবন নির্মাণ শুধু অবকাঠামোগত উন্নয়ন নয়; এর সঙ্গে সরাসরি যুক্ত রয়েছে সাধারণ মানুষের ভূমি সেবা পাওয়ার সুযোগ ও সুবিধা। তাই অনুমোদনের পর দ্রুত নির্মাণকাজ শুরু করে নির্ধারিত মান বজায় রেখে ভবনটি নির্মাণ সম্পন্ন করার দাবি জানিয়েছেন তারা।

জাহাঙ্গীরপুর ইউনিয়নবাসীর প্রত্যাশা, অনুমোদনের পর দ্রুত বাস্তবায়ন কার্যক্রম শুরু হবে এবং আধুনিক সুযোগ-সুবিধাসম্পন্ন নতুন ভবন নির্মাণের মাধ্যমে ইউনিয়নের মানুষের ভূমি সেবা আরও সহজ, স্বচ্ছ ও হয়রানিমুক্ত হবে।

এসএ