বিএনপি সরকারের গত ছয় মাসে অধিকাংশ নির্বাচনি অঙ্গীকার ও কর্মসূচি সফলভাবে বাস্তবায়ন হয়েছে বলে দাবি করেছেন দলটির সিনিয়র যুগ্ম মহাসচিব ও প্রধানমন্ত্রীর রাজনৈতিক উপদেষ্টা রুহুল কবির রিজভী। তিনি জানান, বিভিন্ন ক্ষেত্রে লক্ষ্যমাত্রার ৯০ থেকে ১০০ শতাংশ পর্যন্ত অর্জিত হয়েছে এবং সরকারের এই সাফল্যের বিস্তারিত পরিসংখ্যান শিগগিরই জনসমক্ষে প্রকাশ করা হবে।
শুক্রবার (১৪ আগস্ট) বিকেলে রাজধানীর নয়াপল্টনে বিএনপির কেন্দ্রীয় কার্যালয়ে আয়োজিত এক জরুরি সংবাদ সম্মেলনে তিনি এসব কথা বলেন।
রুহুল কবির রিজভী বলেন, “ছয় মাসের যে কর্মপরিকল্পনা ছিল, তা মোটামুটি সবগুলোই পূরণ হয়েছে। কোথাও হয়তো ১০০ শতাংশ না হলেও সেখানে ৯৫ বা ৯০ শতাংশ লক্ষ্যমাত্রা অর্জিত হয়েছে। কিছু ক্ষেত্রে শতভাগ সাফল্য এসেছে। শুরুতে প্রয়োজনীয় কাঠামো ও প্রশাসনিক প্রস্তুতি নিতে কিছুটা সময় লেগেছে। তবে আমরা প্রত্যাশা করি, পরবর্তী ছয় মাসে সরকারের কর্মসূচি আরও জোরালো ও দ্রুতগতিতে বাস্তবায়ন হবে।”
দলের মহাসচিবের রাষ্ট্রপতি পদে মনোনয়ন পাওয়ার পর পদত্যাগের বিষয়ে এক প্রশ্নের জবাবে রিজভী বলেন, “আইনগতভাবে শপথ নেওয়ার আগে দলীয় পদ বা অন্য কোনো সরকারি পদ থেকে পদত্যাগ করার বাধ্যবাধকতা নেই। তবে নৈতিক কারণে এবং একটি উচ্চমান বজায় রাখতেই তিনি দলের মহাসচিব পদ থেকে পদত্যাগের সিদ্ধান্ত নিয়েছেন।”
সংবাদ সম্মেলনের শুরুতে বিএনপি চেয়ারপারসন বেগম খালেদা জিয়ার রাজনৈতিক ত্যাগ ও সংগ্রামের কথা তুলে ধরেন রিজভী। তিনি বলেন, “বেগম খালেদা জিয়া কখনো স্বাধীনতা, সার্বভৌমত্ব ও গণতন্ত্র প্রতিষ্ঠার অঙ্গীকার থেকে বিচ্যুত হননি। এ জন্য তাকে রাজনৈতিক জীবনে সীমাহীন দুঃখ, বেদনা ও নির্যাতন সহ্য করতে হয়েছে। ৯০-এর এরশাদবিরোধী আন্দোলনে ছাত্র-জনতার মূল প্রেরণা ও আন্দোলনের মূর্ত প্রতীক ছিলেন তিনি।”
আগামীকাল শনিবার (১৫ আগস্ট) বেগম খালেদা জিয়ার জন্মদিন উপলক্ষে সারা দেশে দোয়া মাহফিলের কর্মসূচি ঘোষণা করেন রিজভী। তিনি জানান, নয়াপল্টনের কেন্দ্রীয় কার্যালয়ে বেলা ১১টায় এবং গুলশান কার্যালয়ে বাদ আসর বিশেষ দোয়া অনুষ্ঠিত হবে।
সংবাদ সম্মেলনে আরও উপস্থিত ছিলেন—বিএনপির যুগ্ম মহাসচিব খায়রুল কবির খোকন, হাবিব উন নবী খান সোহেল, স্বেচ্ছাসেবক বিষয়ক সম্পাদক মীর সরাফত আলী সপু, সহ-দপ্তর সম্পাদক মো. মুনির হোসেন, প্রধানমন্ত্রীর গবেষণা কর্মকর্তা ও জাতীয় নির্বাহী কমিটির সদস্য আব্দুস সাত্তার পাটোয়ারী, তারিকুল আলম তেনজিং, স্বেচ্ছাসেবক দলের সিনিয়র সহ-সভাপতি ইয়াসিন আলী এবং ছাত্রদলের সহ-সভাপতি ডা. তৌহিদ আউয়াল প্রমুখ।
ডিআর




Comments