Image description

টাঙ্গাইলের সখীপুরে ছেলের ব্যাটারিচালিত অটোরিকশার চার্জারের সংযোগ বিচ্ছিন্ন করতে গিয়ে বিদ্যুৎস্পৃষ্ট হয়ে শাহআলম (৫৫) নামে এক কাঠমিস্ত্রির মৃত্যু হয়েছে।

শনিবার (১৫ আগস্ট) সকাল ৮টার দিকে উপজেলার কুতুবপুর উত্তর ইচামারী গ্রামে এ দুর্ঘটনা ঘটে। নিহত শাহআলম ওই এলাকার বুজরত আলীর ছেলে।

পারিবারিক ও স্থানীয় সূত্রে জানা যায়, সকালে শাহআলম তাঁর ছেলে সজীব আহমেদের ব্যাটারিচালিত অটোরিকশার চার্জারের সংযোগ বিচ্ছিন্ন করতে যান। এ সময় অসাবধানতাবশত চার্জারের তারে হাত লাগলে তিনি বিদ্যুৎস্পৃষ্ট হয়ে গুরুতর আহত হন।

পরে পরিবারের সদস্যরা তাঁকে অচেতন অবস্থায় উদ্ধার করে দ্রুত সখীপুর উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে নিয়ে যান। সেখানে কর্তব্যরত চিকিৎসক তাঁকে মৃত ঘোষণা করেন।

নিহতের ছেলে সজীব আহমেদ জানান, প্রতিদিনের মতো সকালে অটোরিকশাটি চার্জে দেওয়া ছিল। তাঁর বাবা চার্জার খুলতে গিয়েই বিদ্যুৎস্পৃষ্ট হন।

শাহআলমের আকস্মিক মৃত্যুতে পরিবার ও স্থানীয়দের মধ্যে শোকের ছায়া নেমে এসেছে।

এসএ