গাজীপুর মহানগরীর কাশিমপুরে পুকুরে গোসল করতে গিয়ে পানিতে ডুবে মাহিম রিয়াদ (১১) নামে এক মাদ্রাসাছাত্রের মৃত্যু হয়েছে।
শনিবার (১৫ আগস্ট) বেলা সোয়া ১১টার দিকে সারাবো কোচপাড়া এলাকার সেনাকল্যাণের পুকুরে এ ঘটনা ঘটে।
নিহত মাহিম সারদাগঞ্জ আয়নাল মার্কেট এলাকার বাসিন্দা ফরহাদ হোসেনের ছেলে। সে সারদাগঞ্জের এবিসিদ্দিক ইসলামী আলফালাহ দারুল উলুম মাদ্রাসা স্কুল অ্যান্ড কলেজের সপ্তম শ্রেণির শিক্ষার্থী ছিল।
পরিবার সূত্রে জানা যায়, পরীক্ষা শেষে মাহিম কয়েকজন বন্ধুর সঙ্গে পুকুরে গোসল করতে যায়। সে সাঁতার জানত না। পানিতে নামার পর একপর্যায়ে সে ডুবে যায়। পরে তার বন্ধু ও স্থানীয়রা তাকে উদ্ধার করে বিগবস গার্মেন্টসের সামনে একটি ফার্মেসিতে নিয়ে যান। সেখানে পরীক্ষা-নিরীক্ষার পর চিকিৎসক তাকে মৃত ঘোষণা করেন।
খবর পেয়ে কাশিমপুর থানা পুলিশ ঘটনাস্থলে গিয়ে মরদেহ উদ্ধার করে। পরে সুরতহাল প্রতিবেদন প্রস্তুত করে ময়নাতদন্তের জন্য মরদেহ শহীদ তাজউদ্দীন আহমদ মেডিকেল কলেজ হাসপাতালের মর্গে পাঠানো হয়।
নিহতের পরিবারের পক্ষ থেকে ঘটনায় কোনো অভিযোগ বা সন্দেহ নেই বলে জানানো হয়েছে। পরিবারের পক্ষ থেকে ময়নাতদন্ত ছাড়াই মরদেহ দাফনের অনুমতি চাওয়া হয়েছে।
এসএ




Comments