নারায়ণগঞ্জের ফতুল্লায় মাদকবিরোধী অভিযানের সময় পুলিশের সঙ্গে অস্ত্রধারী মাদক কারবারিদের গোলাগুলির ঘটনা ঘটেছে। এতে তিন পুলিশ সদস্য আহত হয়েছেন। পুলিশের পালটা গুলিতে এক মাদক কারবারিও আহত হয়েছে। পরে ঘটনাস্থল থেকে একটি বিদেশি পিস্তল ও ম্যাগজিনসহ দুজনকে আটক করা হয়েছে।
শনিবার (১৫ আগস্ট) বিকাল সোয়া ৩টার দিকে ফতুল্লা থানার ইসদাইর এলাকায় আরবান স্কুলের সামনে এ ঘটনা ঘটে।
আহত পুলিশ সদস্যরা হলেন—এসআই মো. রফিক, এসআই নন্দন চন্দ্র সরকার ও কনস্টেবল রাশিদুল।
পুলিশ জানায়, ইসদাইর এলাকায় মাদকবিরোধী অভিযান চলাকালে জসিম, মোহনসহ ৭ থেকে ৮ জন মাদক কারবারি পুলিশকে লক্ষ্য করে গুলি ও ইটপাটকেল নিক্ষেপ করে। আত্মরক্ষার্থে পুলিশও পালটা গুলি চালায়। এতে জসিম গুলিবিদ্ধ হন এবং হামলায় তিন পুলিশ সদস্য আহত হন।
পরে ঘটনাস্থল থেকে একটি বিদেশি পিস্তল ও একটি ম্যাগজিন উদ্ধার করা হয়। গুলিবিদ্ধ জসিম (২৪) ও মোহন (২৩)কে আটক করে পুলিশ। আহতদের উদ্ধার করে হাসপাতালে পাঠানো হয়েছে।
ফতুল্লা থানার ওসি মোহাম্মদ মাহবুব আলম বলেন, অভিযানের সময় অস্ত্রধারীরা পুলিশকে লক্ষ্য করে গুলি চালালে আত্মরক্ষার্থে পুলিশ পালটা গুলি চালায়। ঘটনাস্থল থেকে অস্ত্র ও ম্যাগজিন উদ্ধার এবং দুজনকে আটক করা হয়েছে। জড়িত অন্যদের গ্রেফতারে অভিযান অব্যাহত রয়েছে।
এসএস




Comments