Image description

কক্সবাজারের রামু উপজেলার কচ্ছপিয়া ইউনিয়নের দোছড়ি-তোন্দুলেরমুখ এলাকায় মাদকবিরোধী বিশেষ অভিযান চালিয়ে মালিকবিহীন ২ লাখ ১০০ পিস ইয়াবা উদ্ধার করেছে নাইক্ষ্যংছড়ি ব্যাটালিয়ন (১১ বিজিবি)।

শনিবার (১৫ আগস্ট) ভোররাত সাড়ে ৩টার দিকে ১১ বিজিবির একটি বিশেষ টহলদল এ অভিযান পরিচালনা করে।

বিজিবি সূত্রে জানা যায়, সীমান্ত পিলার ৪৮/৪ এস ও শূন্যলাইন থেকে প্রায় ৮ কিলোমিটার পশ্চিমে বাংলাদেশের অভ্যন্তরে কচ্ছপিয়া ইউনিয়নের ২ নম্বর ওয়ার্ডের দোছড়ি-তোন্দুলেরমুখ এলাকায় বিশেষ টহল পরিচালনা করছিল বিজিবি সদস্যরা। এ সময় কয়েকজন চোরাকারবারিকে সেখানে অবস্থান করতে দেখে তাদের ধাওয়া করা হয়।

বিজিবির ধাওয়ার মুখে চোরাকারবারিরা একটি বস্তা ফেলে জঙ্গলের ভেতর দিয়ে পালিয়ে যায়। পরে বস্তাটি তল্লাশি করে ২ লাখ ১০০ পিস ইয়াবা উদ্ধার করা হয়।

১১ বিজিবির অধিনায়ক লেফটেন্যান্ট কর্নেল মো. ফয়জুল কবির বিষয়টি নিশ্চিত করে জানান, দেশের সীমান্ত সুরক্ষা, চোরাচালান ও মানবপাচার প্রতিরোধ, অবৈধ অনুপ্রবেশ নিয়ন্ত্রণ, অবৈধ অস্ত্র উদ্ধার এবং মাদক পাচার প্রতিরোধে বিজিবির অভিযান অব্যাহত রয়েছে। মাদকের বিরুদ্ধে জিরো টলারেন্স নীতিতে বিজিবি কাজ করছে। সীমান্ত এলাকায় চোরাচালান প্রতিরোধে কঠোর নজরদারিও অব্যাহত রয়েছে।

তিনি আরও জানান, উদ্ধার করা ইয়াবার বিষয়ে আইনগত কার্যক্রম প্রক্রিয়াধীন রয়েছে।

এসএ