Image description

রাজশাহী মহানগরীর মুন্নাফের মোড় এলাকায় বৈদ্যুতিক খুঁটির তারে আগুন লাগার ঘটনা ঘটেছে। সোমবার বিকেলে হঠাৎ বৈদ্যুতিক পোলে আগুন ধরে গেলে স্থানীয়দের মধ্যে আতঙ্ক ছড়িয়ে পড়ে।

প্রত্যক্ষদর্শীরা জানান, বৈদ্যুতিক খুঁটির তারে আগুন ধরার পর মুহূর্তের মধ্যে আগুনের ফুলকি ছড়িয়ে পড়তে থাকে। এতে আশপাশের মানুষের মধ্যে আতঙ্ক তৈরি হয়। এ সময় দুর্ঘটনার আশঙ্কায় স্থানীয়রা দ্রুত বিদ্যুৎ সংযোগ বিচ্ছিন্ন করার উদ্যোগ নেন এবং ফায়ার সার্ভিসে খবর দেন।

ঘটনাস্থলে উপস্থিত ছিলেন রাজশাহী মহানগর ছাত্রদলের সদস্যসচিব এমদাদুল হক লিমন। পরিস্থিতির গুরুত্ব বুঝতে পেরে তিনি ফায়ার সার্ভিসকে খবর দেন এবং আগুন নিয়ন্ত্রণে আনতে সহযোগিতার জন্য এগিয়ে আসেন।

স্থানীয়দের ভাষ্য, বৈদ্যুতিক খুঁটিতে আগুন লাগার ঘটনায় বড় ধরনের দুর্ঘটনার আশঙ্কা তৈরি হয়েছিল। দ্রুত বিদ্যুৎ সংযোগ বিচ্ছিন্ন করা এবং ফায়ার সার্ভিসকে খবর দেওয়ায় পরিস্থিতি নিয়ন্ত্রণে আসে।

স্থানীয়রা জানান, বৈদ্যুতিক খুঁটি ও তারে এ ধরনের অগ্নিকাণ্ডের ঘটনায় পথচারী ও আশপাশের বাসিন্দাদের জন্য ঝুঁকি তৈরি হয়। তাই পুরোনো বা ঝুঁকিপূর্ণ বৈদ্যুতিক তার ও খুঁটি নিয়মিত পরীক্ষা-নিরীক্ষার আওতায় এনে প্রয়োজনীয় ব্যবস্থা নেওয়ার দাবি জানিয়েছেন তাঁরা।

ঘটনার সময় দর্শকের ভূমিকায় না থেকে ফায়ার সার্ভিসকে খবর দেওয়া এবং আগুন নিয়ন্ত্রণে সহযোগিতায় এগিয়ে আসায় এমদাদুল হক লিমনের উদ্যোগের প্রশংসা করেছেন স্থানীয়রা।

তাঁদের মতে, রাজনৈতিক পরিচয়ের ঊর্ধ্বে উঠে বিপদের সময় মানুষের পাশে দাঁড়ানো সামাজিক দায়িত্ববোধের পরিচয়। বিপদের সময় দর্শক না হয়ে সহযোগিতার হাত বাড়িয়ে দেওয়ার এমন উদ্যোগ অন্যদেরও উৎসাহিত করতে পারে।

এসএ