Image description

গাইবান্ধার গোবিন্দগঞ্জ উপজেলায় টিকটক ভিডিও তৈরির উদ্দেশ্যে দুই হাত ছেড়ে দ্রুতগতিতে মোটরসাইকেল চালানোর সময় নিয়ন্ত্রণ হারিয়ে এক যুবকের মৃত্যু হয়েছে। সোমবার (১৭ আগস্ট) সকাল ১১টার দিকে উপজেলার শাখাহার ইউনিয়নের কারেন্টের মোড় এলাকায় এই মর্মান্তিক দুর্ঘটনা ঘটে।

নিহত শাওন মিয়া (২৫) ওই ইউনিয়নের দাঁড়িদহর গ্রামের শাবলু মন্ডলের ছেলে।

স্থানীয় সূত্রে জানা যায়, সোমবার সকালে শাওন মিয়া টিকটকের জন্য কন্টেন্ট ভিডিও তৈরি করার উদ্দেশ্যে মোটরসাইকেল নিয়ে রাস্তায় বের হন। কারেন্টের মোড় এলাকায় পৌঁছে তিনি মোটরসাইকেলের হ্যান্ডেল থেকে দুই হাত সরিয়ে দিয়ে অত্যন্ত দ্রুতগতিতে বাইক চালানো শুরু করেন। এ সময় মোটরসাইকেলটি নিয়ন্ত্রণ হারিয়ে রাস্তার পাশে থাকা একটি গাছের সাথে সজোরে ধাক্কা খায়। এতে তিনি ছিটকে পড়ে গুরুতর আহত হন।

পরে স্থানীয়রা তাকে দ্রুত উদ্ধার করে গোবিন্দগঞ্জ উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে নিয়ে গেলে কর্তব্যরত চিকিৎসক তাকে মৃত ঘোষণা করেন।

গোবিন্দগঞ্জ থানার ওসি (তদন্ত) স্বপন কুমার সরকার ঘটনার সত্যতা নিশ্চিত করে জানান, মোটরসাইকেল নিয়ন্ত্রণ হারিয়ে রাস্তার পাশের গাছের সাথে ধাক্কা লেগে এক যুবক নিহত হয়েছেন। তবে এ ঘটনায় নিহতের পরিবারের পক্ষ থেকে থানায় কোনো লিখিত অভিযোগ দায়ের করা হয়নি।

ডিআর