Image description

চট্টগ্রামের ফটিকছড়ি থানার একটি অস্ত্র মামলায় আলোচিত সন্ত্রাসী মোবারক হোসেন ইমন ওরফে ডেভিড ইমনের পাঁচ দিনের রিমান্ড মঞ্জুর করেছেন আদালত। সোমবার (১৭ আগস্ট) বিকেলে চট্টগ্রামের জুডিশিয়াল ম্যাজিস্ট্রেট সায়মা আফরিনের আদালত শুনানি শেষে এই আদেশ দেন।

আদালত সূত্রে জানা গেছে, ফটিকছড়ি থানার ওই অস্ত্র মামলায় ইমনের সাত দিনের রিমান্ড আবেদন করে পুলিশ। উভয় পক্ষের শুনানি শেষে আদালত পাঁচ দিনের রিমান্ড মঞ্জুর করেন। এর আগে বিভিন্ন মামলায় তাকে দুই দফায় মোট ১৫ দিনের রিমান্ডে জিজ্ঞাসাবাদ করেছে চট্টগ্রাম জেলা পুলিশ।

উল্লেখ্য, গত ১২ আগস্ট হাটহাজারী থানায় দায়েরকৃত ২০ লাখ টাকা চাঁদাবাজির মামলায়ও ডেভিড ইমনের পাঁচ দিনের রিমান্ড মঞ্জুর করেছিলেন আদালত। তার আগে গত ২ আগস্ট অন্য একটি মামলায় তাকে ১০ দিনের রিমান্ডে নেওয়া হয়েছিল।

চট্টগ্রাম জেলা পুলিশের কোর্ট পরিদর্শক হাবিবুর রহমান বিষয়টি নিশ্চিত করে জানান, সোমবার কড়া নিরাপত্তার মধ্য দিয়ে ডেভিড ইমনকে আদালতে হাজির করা হয়। শুনানি শেষে তাকে জিজ্ঞাসাবাদের জন্য পুলিশি হেফাজতে নিয়ে যাওয়া হয়েছে।

পুলিশের তথ্য অনুযায়ী, গত ২৯ জুলাই যশোরের কোতোয়ালি থানার ঝুমঝুমপুর এলাকা থেকে ডেভিড ইমনসহ চারজনকে গ্রেপ্তার করা হয়। পরে তার দেওয়া তথ্যের ভিত্তিতে ফটিকছড়ির কাঞ্চননগর ইউনিয়নের মানিকপুর এলাকায় বিশেষ অভিযান চালিয়ে একটি বিদেশি পিস্তল ও দুটি দেশীয় এলজিসহ বিভিন্ন অস্ত্র উদ্ধার করে পুলিশ।

পুলিশের দাবি, আলোচিত এই সন্ত্রাসীর বিরুদ্ধে চট্টগ্রাম মহানগর ও জেলার বিভিন্ন থানায় হত্যা, অস্ত্র ও চাঁদাবাজিসহ অন্তত ১৩টি মামলা রয়েছে। এছাড়া বেশ কয়েকটি চাঞ্চল্যকর হত্যাকাণ্ডে তার সম্পৃক্ততার বিষয়েও নিবিড় তদন্ত চলছে।

ডিআর