Image description

কুমিল্লার লালমাই এলাকায় জেলা গোয়েন্দা (ডিবি) পুলিশের বিশেষ অভিযানে আন্তঃজেলা ডাকাত চক্রের সর্দারসহ ৫ সদস্যকে গ্রেপ্তার করা হয়েছে। সোমবার (১৭ আগস্ট) দিবাগত রাত আনুমানিক ৩টার দিকে কুমিল্লা-নোয়াখালী মহাসড়কের লালমাই বাজার এলাকায় ডাকাতির প্রস্তুতিকালে তাদের আটক করা হয়।

ডিবি পুলিশ সূত্রে জানা গেছে, গোপন সংবাদের ভিত্তিতে ডিবি কুমিল্লার একটি বিশেষ আভিযানিক দল লালমাই বাজার এলাকায় অবস্থান গ্রহণ করে। এসময় ডাকাতি সংঘটনের উদ্দেশ্যে আসা একটি পিকআপ ভ্যান থেকে ২ জন এবং গ্রেপ্তার এড়াতে মোটরসাইকেল যোগে পালানোর চেষ্টাকালে আরও ৩ জন ডাকাতকে গ্রেপ্তার করা হয়।

জিজ্ঞাসাবাদে গ্রেপ্তারকৃতরা জানায়, তারা ওই রাতে সদর দক্ষিণ উপজেলার পদুয়ার বাজার এলাকায় একত্রিত হয়ে কুমিল্লা-চাঁদপুর মহাসড়ক হয়ে পরানপুর বাজার এলাকায় ডাকাতি করার উদ্দেশ্যে যাচ্ছিল। এই চক্রটি দীর্ঘদিন ধরে চট্টগ্রাম বিভাগের বিভিন্ন জেলায় ডাকাতি করে আসছে বলে স্বীকার করেছে। গ্রেপ্তারকৃত ডাকাত সর্দার জহিরুল ইসলাম প্রানিয়া ওরফে ফারুকের বিরুদ্ধে চাঁদপুর জেলার বিভিন্ন থানায় ৫টি নিয়মিত মামলা রয়েছে।

গ্রেপ্তারকৃত ডাকাতরা হলেন—চাঁদপুর সদরের জহিরুল ইসলাম প্রধানিয়া ফারুক (৫৩), হাজীগঞ্জের মো. মামুন মিজি (৪৫), ফরিদগঞ্জের মো. কবির ভূইয়া (৪০), চাঁদপুর সদরের মো. রবিউল আলম (৩৫) এবং ফরিদগঞ্জের নজরুল ইসলাম (৩৫)। তারা বর্তমানে কুমিল্লার বিভিন্ন এলাকায় ভাড়াটিয়া হিসেবে বসবাস করে আসছিলেন।

অভিযানকালে ডাকাতদের হেফাজত থেকে ১টি লোহার বোল্ট কাটার, ১টি সেলাই রেঞ্জ, ১টি প্লাস, ১টি লোহার রড, ২টি কাঠের বাটযুক্ত কিরিজ, ১টি হাসুয়া, ১টি নীল রঙের পিকআপ ভ্যান এবং ১টি কালো রঙের ডিসকভার মোটরসাইকেল উদ্ধার করা হয়েছে।

পুলিশ জানিয়েছে, অপরাধ দমনে এ ধরনের বিশেষ অভিযান অব্যাহত থাকবে এবং গ্রেপ্তারকৃতদের বিরুদ্ধে আইনানুগ ব্যবস্থা গ্রহণ করা হচ্ছে।

ডিআর