দিনাজপুরের বিরলে বিষাক্ত সাপের ছোবলে চিকিৎসাধীন অবস্থায় রাব্বি ইসলাম (১৪) নামে এক মাদ্রাসাছাত্রের মৃত্যু হয়েছে।
সোমবার (১৭ আগস্ট) দিবাগত রাত পৌনে ১১টার দিকে চিকিৎসাধীন অবস্থায় তার মৃত্যু হয়। নিহত রাব্বি ইসলাম উপজেলার ৯ নম্বর মঙ্গলপুর ইউনিয়নের জিনইর গ্রামের মো. আব্দুর রাজ্জাকের একমাত্র সন্তান। সে মোল্লাপাড়া দাখিল মাদ্রাসার অষ্টম শ্রেণির শিক্ষার্থী ছিল।
স্থানীয় সূত্রে জানা যায়, গত ৩ আগস্ট রাব্বির বাবা মো. আব্দুর রাজ্জাকের চায়ের দোকানে ক্যাশের ভেতর লুকিয়ে থাকা একটি বিষাক্ত সাপের ছোবলে গুরুতর অসুস্থ হয়ে পড়ে রাব্বি। প্রথমে স্থানীয় ওঝার মাধ্যমে ঝাড়ফুঁক করানো হয়। পরে তার শারীরিক অবস্থার অবনতি হলে দ্রুত দিনাজপুর মেডিকেল কলেজ হাসপাতালে নেওয়া হয়।
অবস্থার আরও অবনতি হলে তাকে হাসপাতালের আইসিইউতে ভর্তি করা হয়। সেখানে চিকিৎসাধীন অবস্থায় কিছুটা শারীরিক উন্নতি হলেও শেষ পর্যন্ত সোমবার রাতে তার মৃত্যু হয়।
মঙ্গলপুর ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান আবুল কাশেম ঘটনার সত্যতা নিশ্চিত করেছেন।
রাব্বির মৃত্যুর খবর এলাকায় ছড়িয়ে পড়লে পরিবার, স্বজন ও এলাকাবাসীর মধ্যে শোকের ছায়া নেমে আসে। পরিবারের পক্ষ থেকে আত্মীয়স্বজন ও এলাকাবাসীর কাছে রাব্বির রুহের মাগফিরাতের জন্য দোয়া কামনা করা হয়েছে।
এসএ




Comments