Image description

পটুয়াখালীর বাউফলে সড়কের ওপর পড়ে থাকা ছেঁড়া বিদ্যুতের তারে জড়িয়ে ইউসুফ রাড়ি (৫০) নামে এক কৃষকের মৃত্যু হয়েছে। বিদ্যুৎ অফিসে খবর দেওয়ার পরও তারটি মেরামত না করায় এ দুর্ঘটনা ঘটেছে বলে অভিযোগ করেছেন স্থানীয়রা।

সোমবার (১৭ আগস্ট) দুপুর ২টার দিকে উপজেলার কেশবপুর ইউনিয়নের ১ নম্বর ওয়ার্ডের কমলাপুর এলাকায় স্কুলসংলগ্ন সড়কে এ দুর্ঘটনা ঘটে। নিহত ইউসুফ রাড়ি কমলাপুর এলাকার ইসহাক রাড়ির ছেলে।

স্থানীয় সূত্রে জানা গেছে, রোববার সকালে একটি ভ্যাকু মেশিন রাস্তা দিয়ে নেওয়ার সময় পল্লী বিদ্যুতের খুঁটি থেকে একটি তার ছিঁড়ে সড়কের ওপর পড়ে যায়। বিষয়টি বিদ্যুৎ অফিসে জানানো হলে পল্লী বিদ্যুতের মমিনপুর জোনাল অফিসের কর্মীরা ঘটনাস্থলে আসেন।

স্থানীয়দের অভিযোগ, ছেঁড়া তারটি মেরামতের জন্য কয়েকজন গ্রাহকের কাছে টাকা দাবি করেন বিদ্যুৎ অফিসের কর্মীরা। টাকা দিতে না পারায় ঝুঁকিপূর্ণ অবস্থায় তারটি সড়কের ওপর পড়ে থাকলেও সেটি মেরামত না করেই কর্মীরা চলে যান।

এরপর সোমবার দুপুরে গরুর জন্য ঘাস কাটতে যাওয়ার সময় সড়কের ওপর পড়ে থাকা বিদ্যুতের তারে জড়িয়ে ঘটনাস্থলেই ইউসুফ রাড়ির মৃত্যু হয়।

এ ঘটনায় এলাকায় উত্তেজনা ছড়িয়ে পড়ে। ক্ষুব্ধ স্থানীয়রা পল্লী বিদ্যুতের মমিনপুর জোনাল অফিস ঘেরাও করে বিক্ষোভ করেন।

পটুয়াখালী পল্লী বিদ্যুৎ সমিতির জেনারেল ম্যানেজার (জিএম) মো. আবুল কাশেম বলেন, “একজন বিদ্যুতের তারে জড়িয়ে নিহত হয়েছেন বলে জানতে পেরেছি। ঘটনাটি কালিশুরী অফিসের আওতাধীন। বিষয়টি তদন্তের জন্য অফিস প্রধানকে ঘটনাস্থলে পাঠানো হয়েছে। তদন্ত শেষে প্রতিবেদন দিলে বিস্তারিত জানা যাবে।”

বাউফল থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) সিরাজুল ইসলাম বলেন, খবর পেয়ে পরিস্থিতি নিয়ন্ত্রণে রাখতে ঘটনাস্থলে পুলিশ পাঠানো হয়েছে।

এসএ