বরিশাল রেঞ্জের নবাগত ডিআইজি মো. জুলফিকার আলী হায়দার বলেছেন, পুলিশের প্রতি জনগণের যে প্রত্যাশা রয়েছে, পুলিশ তা অর্জন করতে পারেনি। জনগণের সেই প্রত্যাশা পূরণে পুলিশ সদস্যদের আচরণ পরিবর্তনের পাশাপাশি সেবার মান বাড়াতে কাজ করা হচ্ছে। থানায় মামলা ও সাধারণ ডায়েরি (জিডি) গ্রহণে কোনো ধরনের হয়রানির ঘটনা ঘটলে তা গুরুত্বসহকারে দেখা হবে।
তিনি বলেন, শিক্ষার্থীদের ডিজিটাল অপরাধ সম্পর্কে সচেতন করতে স্কুলভিত্তিক কমিউনিটি পুলিশিং ব্যবস্থা চালু করা হবে। এর মাধ্যমে শিক্ষার্থীদের মধ্যে সাইবার অপরাধ সম্পর্কে সচেতনতা তৈরির পাশাপাশি নিরাপদ ডিজিটাল পরিবেশ গড়ে তোলার উদ্যোগ নেওয়া হবে।
মঙ্গলবার (১৮ আগস্ট) বেলা সাড়ে ১১টায় বরিশাল রেঞ্জ ডিআইজি কার্যালয়ের আয়োজনে পুলিশ লাইন্সে সাংবাদিকদের সঙ্গে মতবিনিময় সভায় এসব কথা বলেন তিনি।
বরিশাল বিভাগের ছয় জেলায় ডাকাতি ও দস্যুতার ঘটনা নিয়ে বিশেষ নজরদারি করা হবে জানিয়ে ডিআইজি বলেন, এসব অপরাধ প্রতিরোধে একটি বিশেষ সেল গঠন করা হবে। অপরাধের ধরন ও প্রবণতা বিশ্লেষণ করে প্রয়োজনীয় ব্যবস্থা গ্রহণ করা হবে।
গণমাধ্যমের সঙ্গে পুলিশের যোগাযোগ আরও কার্যকর করতে বরিশাল রেঞ্জ ডিআইজি কার্যালয়ের পাশাপাশি বিভাগের ছয় জেলায় মিডিয়া উইং চালুর উদ্যোগ নেওয়া হবে বলেও জানান তিনি। একই সঙ্গে প্রতিটি জেলায় একজন করে ভোকাল পার্সন রাখা হবে, যারা তাৎক্ষণিকভাবে সাংবাদিকদের প্রয়োজনীয় তথ্য দিয়ে সহযোগিতা করবেন।
সাংবাদিকদের দায়িত্বশীল ও বস্তুনিষ্ঠ সংবাদ পরিবেশনের আহ্বান জানিয়ে মো. জুলফিকার আলী হায়দার বলেন, আইনশৃঙ্খলা পরিস্থিতি স্বাভাবিক রাখতে পুলিশ ও গণমাধ্যমের মধ্যে পারস্পরিক সহযোগিতা আরও জোরদার করা প্রয়োজন। সঠিক তথ্যের ভিত্তিতে সংবাদ পরিবেশনের মাধ্যমে সমাজে ইতিবাচক ভূমিকা রাখার জন্য তিনি সাংবাদিকদের প্রতি আহ্বান জানান।
মতবিনিময় সভায় অতিরিক্ত রেঞ্জ ডিআইজি ড. মো. সাইফুল্লাহ বিন আনোয়ার, মো. হুমায়ুন কবির, বরিশাল জেলা পুলিশের পুলিশ সুপার এজেডএম মোস্তাফিজুর রহমান, অতিরিক্ত পুলিশ সুপার আলাউল ইসলাম, বরিশাল প্রেসক্লাবের সভাপতি অধ্যক্ষ আমিনুল ইসলাম খসরু, সিনিয়র সাংবাদিক ও মুক্তিযোদ্ধা নুরুল আলম ফরিদ, সিনিয়র সাংবাদিক মুরাদ আহমেদ, শাহীনা আজমিনসহ বরিশাল রেঞ্জের ঊর্ধ্বতন পুলিশ কর্মকর্তারা উপস্থিত ছিলেন। এছাড়া বরিশালের বিভিন্ন গণমাধ্যমে কর্মরত সাংবাদিকরাও সভায় অংশ নেন।
এসএ




Comments