Image description

গাজীপুরের শ্রীপুরে প্রেমের ফাঁদে ফেলে আপত্তিকর ভিডিও ধারণ ও ব্ল্যাকমেইল করে অর্থ হাতিয়ে নেওয়ার অভিযোগে চারজনকে আটক করে পুলিশে সোপর্দ করেছেন স্থানীয়রা। মঙ্গলবার (১৮ আগস্ট) দুপুরে উপজেলার তেলিহাটি ইউনিয়নের টেপিরবাড়ি গ্রামে এ ঘটনা ঘটে।

আটকদের মধ্যে দুজনের বয়স ১৭ বছর এবং মাহবুব নামে একজনের বয়স ২০ বছর। তারা স্থানীয় একটি কলেজের শিক্ষার্থী। অপরজন সেলিনা আক্তার নামে এক নারী। পুলিশ জানিয়েছে, প্রাথমিকভাবে তাদের বিরুদ্ধে ‘হানিট্র্যাপ’-এর মাধ্যমে মানুষকে ফাঁদে ফেলে ব্ল্যাকমেইল করে অর্থ আদায়ের অভিযোগ পাওয়া গেছে।

স্থানীয়দের অভিযোগ, সেলিনা ও তার স্বামী খোকন দীর্ঘদিন ধরে সন্ধ্যার পর তাদের বাড়িতে তরুণীদের নিয়ে আসতেন। পরে কৌশলে বিভিন্ন ব্যক্তিকে সেখানে ডেকে এনে আপত্তিকর ভিডিও ধারণ করা হতো। এরপর ভিডিও প্রকাশের ভয় দেখিয়ে তাদের কাছ থেকে অর্থ আদায় করা হতো বলে অভিযোগ।

ভুক্তভোগী মনির হোসেনের অভিযোগ, গত শনিবার (১৫ আগস্ট) তাকে রাস্তা থেকে তুলে নিয়ে একটি ঘরে আটকে আপত্তিকর ভিডিও ধারণ করা হয়। পরে তার ওপর শারীরিক নির্যাতন চালিয়ে মোটা অঙ্কের টাকা দাবি করা হয়। টাকা দেওয়ার পর তিনি সেখান থেকে মুক্তি পান বলে জানান।

শ্রীপুর থানার উপপরিদর্শক (এসআই) মাজাহারুল ইসলাম বলেন, প্রাথমিকভাবে জানা গেছে, চক্রটি এর আগেও ‘হানিট্র্যাপ’-এর মাধ্যমে কয়েকজনকে ব্ল্যাকমেইল করে অর্থ হাতিয়ে নিয়েছে।

শ্রীপুর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মোহাম্মদ শাহীনুর আলম বলেন, হানিট্র্যাপের অভিযোগে চারজনকে আটক করে থানায় আনা হয়েছে। এ ঘটনায় পরবর্তী আইনগত পদক্ষেপ প্রক্রিয়াধীন।

এসএস