Image description

ব্রাহ্মণবাড়িয়ার আখাউড়ায় বিয়ের খাবারে আস্ত খাসি না পেয়ে বিয়ে না করেই চলে যাওয়া আলোচিত জাপানপ্রবাসী বর জোনায়েদ মিয়া নতুন করে বিয়ে করেছেন।

মঙ্গলবার (১৮ আগস্ট) রাত ১১টার দিকে কসবা উপজেলার নেয়ামতপুর গ্রামে কনের মামার বাড়িতে বিয়ের আনুষ্ঠানিকতা সম্পন্ন হয়। নতুন কনে জান্নাত আক্তার আখাউড়ার নূরপুর গ্রামের জাহের মিয়ার মেয়ে। তিনি স্থানীয় একটি মহিলা কলেজের এইচএসসি দ্বিতীয় বর্ষের ছাত্রী বলে জানা গেছে।

কনের মামা তাজু সরকারের নেয়ামতপুর গ্রামের বাড়িতে বিয়ের আয়োজন করা হয়। একই গ্রামের বাসিন্দা জোনায়েদ মিয়ার বাড়িও সেখানে।

জোনায়েদের ছোট ভাই পারভেজ বিয়ের বিষয়টি নিশ্চিত করেছেন। তিনি জানান, নতুন বিয়েতে দেনমোহর নির্ধারণ করা হয়েছে ৬ লাখ টাকা। জোনায়েদ নিজেও নিজের ফেসবুক অ্যাকাউন্টে স্ত্রীসহ একটি ছবি পোস্ট করেছেন।

এর আগে, প্রথম বিয়ের আয়োজন ভেঙে যাওয়ার পর মঙ্গলবার সকালে নিজের ফেসবুক অ্যাকাউন্টে দেওয়া এক পোস্টে কনেপক্ষের বিরুদ্ধে পাল্টা অভিযোগ করেন জোনায়েদ। তার দাবি, বিয়ের আসরে খাওয়া-দাওয়া শেষে কনেপক্ষ পূর্বনির্ধারিত অঙ্কের চেয়ে ১০ গুণ বেশি কাবিন দাবি করে। এতে তিনি ও তার পরিবারের সদস্যরা রাজি না হওয়ায় কথা-কাটাকাটি হয়। একপর্যায়ে তাদের বিয়ের আসর থেকে বের করে দেওয়া হয় এবং মেয়ের জন্য নিয়ে যাওয়া লাগেজও ফেরত পাঠানো হয় বলে দাবি করেন তিনি।

জোনায়েদের আরও দাবি, কনের সঙ্গে তাকে যোগাযোগ করতে দেওয়া হয়নি। পরে রাতে কনেপক্ষ যোগাযোগ করে বিয়েতে রাজি হতে বললেও তিনি রাজি হননি। এ সময় তাকে হত্যার হুমকি দেওয়া হয়েছে বলেও অভিযোগ করেন তিনি।

এ ছাড়া কনেপক্ষ টাকা দিয়ে সাংবাদিক ভাড়া করে তার বিরুদ্ধে ভুয়া পোস্ট করিয়ে সম্মানহানির চেষ্টা করছে বলেও অভিযোগ করেন জোনায়েদ। তবে এসব অভিযোগের বিষয়ে কনেপক্ষের বক্তব্য তাৎক্ষণিকভাবে পাওয়া যায়নি।

এর আগে বিয়ের খাবারে আস্ত খাসি না পেয়ে জোনায়েদ বিয়ে না করেই চলে গেছেন—এমন খবর ছড়িয়ে পড়লে ঘটনাটি সামাজিক যোগাযোগমাধ্যমে ব্যাপক আলোচনার জন্ম দেয়। এ নিয়ে নানা আলোচনা-সমালোচনার মধ্যেই মঙ্গলবার রাতে নতুন করে বিয়ের আনুষ্ঠানিকতা সম্পন্ন করলেন জাপানপ্রবাসী এই যুবক।

এসএস