আওয়ামী লীগের সাবেক প্রেসিডিয়াম সদস্য এবং সাবেক প্রাথমিক ও গণশিক্ষামন্ত্রী সতীশ চন্দ্র রায় আর নেই। মঙ্গলবার (১৮ আগস্ট) রাত ১০টা ৫ মিনিটে বার্ধক্যজনিত কারণে তিনি শেষ নিঃশ্বাস ত্যাগ করেন। মৃত্যুকালে তার বয়স হয়েছিল ৯৫ বছর।
সতীশ চন্দ্র রায়ের মৃত্যুর বিষয়টি নিশ্চিত করেছেন তার বড় ছেলে অরবিন্দু রায়। তিনি জানান, বুধবার (১৯ আগস্ট) দুপুর ১২টায় দিনাজপুরের বিরল উপজেলার ৯নং মঙ্গলপুর ইউনিয়নের মোস্তফাবাদ গ্রামে পারিবারিক শ্মশানে তার অন্ত্যেষ্টিক্রিয়া সম্পন্ন হবে।
বর্ণাঢ্য রাজনৈতিক জীবনের অধিকারী সতীশ চন্দ্র রায় চারবার জাতীয় সংসদ সদস্য নির্বাচিত হয়েছিলেন। তিনি ১৯৭৯ সালের দ্বিতীয় জাতীয় সংসদ নির্বাচনে তৎকালীন দিনাজপুর-৭ আসন থেকে প্রথমবার এমপি নির্বাচিত হন। এরপর ১৯৮৬ সালের তৃতীয়, ১৯৯১ সালের পঞ্চম এবং ১৯৯৬ সালের সপ্তম জাতীয় সংসদ নির্বাচনে দিনাজপুর-২ আসন থেকে আওয়ামী লীগের প্রার্থী হিসেবে জয়লাভ করেন।
দীর্ঘ রাজনৈতিক পথচলায় তিনি মৎস্য ও প্রাণিসম্পদ প্রতিমন্ত্রী এবং পরবর্তীতে প্রাথমিক ও গণশিক্ষা প্রতিমন্ত্রীর দায়িত্ব অত্যন্ত নিষ্ঠার সাথে পালন করেছেন।
সাবেক এই বর্ষীয়ান নেতার প্রয়াণে দিনাজপুরের রাজনৈতিক, সামাজিক ও সাংস্কৃতিক অঙ্গনে শোকের ছায়া নেমে এসেছে। বিভিন্ন সংগঠনের নেতৃবৃন্দ তার বিদেহী আত্মার শান্তি কামনা করেছেন এবং শোকসন্তপ্ত পরিবারের প্রতি গভীর সমবেদনা জানিয়েছেন।
ডিআর




Comments