নিজের বিরুদ্ধে ওঠা সমালোচনার জবাবে এবং তৃণমূলের একটি অংশের বিরোধিতার মুখে পদত্যাগের চ্যালেঞ্জ ছুড়ে দিয়েছেন লালমনিরহাট-২ (আদিতমারী-কালীগঞ্জ) আসনের সংসদ সদস্য রোকন উদ্দিন বাবুল। একই সঙ্গে তিনি দলের অভ্যন্তরীণ বিরোধ ও রাজনৈতিক ষড়যন্ত্রের সুষ্ঠু তদন্তে দলীয় চেয়ারম্যান ও প্রধানমন্ত্রী তারেক রহমানের সরাসরি হস্তক্ষেপ কামনা করেছেন।
মঙ্গলবার (১৮ আগস্ট) রাতে লালমনিরহাটের আদিতমারী জিএস উচ্চ বিদ্যালয় মাঠে উপজেলা বিএনপি ও সহযোগী সংগঠনের আয়োজনে ‘কর্মী মূল্যায়ন সভায়’ প্রধান অতিথির বক্তব্যে তিনি এসব কথা বলেন।
সংসদ সদস্য বাবুল বলেন, “যারা নিজেদের তৃণমূল দাবি করে আমাকে অযোগ্য আখ্যা দিচ্ছেন, তাদের উদ্দেশ্য ভিন্ন। আমি স্পষ্ট জানিয়ে দিতে চাই—আমাদের দলীয় চেয়ারম্যান ও প্রধানমন্ত্রী যদি মনে করেন আমি অযোগ্য এবং আমাকে পদত্যাগ করতে নির্দেশ দেন, তবে এক মুহূর্তও বিলম্ব না করে আমি পদত্যাগ করব।”
নিজের বিরুদ্ধে চলা অপপ্রচারের বিচার দাবি করে তিনি বলেন, “আমি প্রধানমন্ত্রীর কাছে আকুল আবেদন জানাচ্ছি, তিনি যেন নিরপেক্ষ তদন্তের মাধ্যমে আমার ওপর চলা দীর্ঘদিনের নোংরা চক্রান্তের ন্যায়বিচার করেন।” তিনি অভিযোগ করেন, মনোনয়ন পাওয়ার আগে থেকেই একটি মহল তার বিরুদ্ধে বিষোদগার করছে, যা শুধু তার ব্যক্তিগত ক্ষতিই নয়, বরং শহীদ জিয়ার পরিবারের ভাবমূর্তিও ক্ষুণ্ণ করছে।
অনুষ্ঠানের শুরুতে সংসদ সদস্য হিসেবে তার প্রথম ১৮০ দিনের উন্নয়ন কর্মকাণ্ডের একটি তথ্যচিত্র প্রদর্শন করা হয়। সভায় তৃণমূল নেতারা অভিযোগ করেন, নির্বাচনের আগে স্থানীয় বিএনপি নেতা জাহাঙ্গীর আলম দলীয় মনোনয়ন না পাওয়ার পর থেকেই একটি মহল পরিকল্পিতভাবে দলের ভেতর বিভেদ সৃষ্টির চেষ্টা করছে। তারা এসব চক্রান্তকারীদের দল থেকে বয়কটের দাবি জানান।
সভায় আদিতমারী ও কালীগঞ্জ উপজেলা বিএনপি এবং এর অঙ্গ-সহযোগী সংগঠনের বিপুলসংখ্যক নেতাকর্মী উপস্থিত ছিলেন। বক্তারা দলের অস্তিত্ব রক্ষায় এবং ষড়যন্ত্র মোকাবিলায় সকলকে ইস্পাতকঠিন ঐক্যবদ্ধ থাকার আহ্বান জানান।
ডিআর




Comments