Image description

গাজীপুরের কালিয়াকৈরে সন্ত্রাসীদের হামলায় গুরুতর আহত আজিবর রহমান (৪৭) দীর্ঘ ২৬ দিন মৃত্যুর সঙ্গে পাঞ্জা লড়ে অবশেষে না ফেরার দেশে চলে গেছেন। বুধবার (১৯ আগস্ট) ভোররাতে কেপেজি বিশেষায়িত হাসপাতালের আইসিইউতে চিকিৎসাধীন অবস্থায় তার মৃত্যু হয়।

নিহত আজিবর রহমান উপজেলার ঠাকুরপাড়া এলাকার বাসিন্দা। এই ঘটনায় তার স্ত্রী নাসরিন আক্তার বাদী হয়ে কালিয়াকৈর থানায় একটি মামলা দায়ের করেছেন।

ঘটনার বিবরণে জানা যায়, গত ২৩ জুলাই রাত সাড়ে ৮টার দিকে উপজেলার ফটিকমার্কেট এলাকা থেকে অটোরিকশাযোগে নিজ বাড়ি ফিরছিলেন আজিবর। পথে চলন্ত অটোরিকশায় তার ওপর অতর্কিত হামলা চালানো হয়। অভিযোগ রয়েছে, পূর্ব শত্রুতার জেরে সুমন, সাগর ও তাদের বাবা শরিফসহ কয়েকজন সন্ত্রাসী ধারালো অস্ত্র ও লোহার পাইপ দিয়ে আজিবরকে বেধড়ক মারধর ও কুপিয়ে গুরুতর আহত করে।

স্থানীয়রা তাকে উদ্ধার করে দ্রুত কেপেজি বিশেষায়িত হাসপাতালে ভর্তি করেন। অবস্থার অবনতি হলে তাকে আইসিইউতে স্থানান্তর করা হয়। মস্তিষ্কে গুরুতর আঘাত ও জটিলতা দেখা দেওয়ায় গত ৬ আগস্ট এবং ১৩ আগস্ট কয়েক দফায় তার অস্ত্রোপচার করা হয়। দীর্ঘ ২৬ দিন লাইফ সাপোর্টে অচেতন অবস্থায় থাকার পর বুধবার ভোরে তিনি শেষ নিঃশ্বাস ত্যাগ করেন। 

কালিয়াকৈর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) শহিদুল ইসলাম বলেন, "নিহতের লাশ উদ্ধার করে ময়নাতদন্তের জন্য পাঠানোর প্রক্রিয়া চলছে। এ ঘটনায় জড়িত আসামিদের দ্রুত গ্রেপ্তারের জন্য পুলিশের অভিযান অব্যাহত রয়েছে।"

ডিআর