Image description

ভারতের কলকাতায় হোটেলে অগ্নিকাণ্ডে নিহত কুষ্টিয়ার সাংবাদিক দেবাশীষ দত্তের বাড়িতে গিয়ে তাঁর বাবা-মা ও আট বছরের মেয়ের সঙ্গে দেখা করে শোক ও সমবেদনা জানিয়েছেন কুষ্টিয়া-৩ (সদর) আসনের সংসদ সদস্য মুফতি আমির হামজা।

বুধবার (১৯ আগস্ট) রাত ১১টার দিকে কুষ্টিয়া শহরের আড়ুয়াপাড়ায় সাংবাদিক দেবাশীষ দত্তের বাড়িতে গিয়ে তিনি পরিবারের সদস্যদের খোঁজখবর নেন। এ সময় তিনি নিহত সাংবাদিকের পরিবারের পাশে থাকার আশ্বাস দেন।

পরিবারের সঙ্গে সাক্ষাৎ শেষে সাংবাদিকদের সংসদ সদস্য মুফতি আমির হামজা বলেন, ‘দেখে আসলাম, সাক্ষাৎ করে আসলাম। আমাদের সরকারি যেটুকু সাহায্য আছে, আমি দেখব। ব্যক্তিগতভাবে মেয়েটির স্কুলের প্রিন্সিপালের সঙ্গে কথা বলে তার লেখাপড়ার দায়িত্ব যতটুকু পারা যায়, আমরা সর্বোচ্চটা দেখছি।’

তিনি আরও বলেন, ‘উনাদের পারিবারিকভাবে আমি মাঝে মাঝে আমার পিএকে দিয়ে, আমার যারা পার্সোনাল আছেন, তাদের দিয়ে খোঁজখবর নেব। আমরা তো দল-মত, জাতি-ধর্ম-বর্ণ দেখি না। আল্লাহ আমাদের বের করেছেন মানুষের কল্যাণের জন্য। সুতরাং উনাদের কল্যাণে যতটুকু লাগানো যায়, চেষ্টা করব।’

মেয়েটির ভবিষ্যৎ প্রসঙ্গে তিনি বলেন, ‘মেয়েটার দায়িত্ব ইনশাআল্লাহ দেখছি। দোয়া করেন, উনার জন্য যেন কিছু করতে পারি। মেয়েটার দিকে তাকিয়ে খুব খারাপ লাগছে। মানুষের মরণ আজ হোক, কাল হোক—বিদায় তো নিতেই হবে। মেয়েটা তো অসহায় হয়ে গেল একেবারে। আমি মেয়েটির স্কুলের প্রিন্সিপালের সঙ্গে কথা বলে যতদূর এখানে পড়া আছে, পড়ার ব্যবস্থা করব। মেয়েটির পাশে থাকার চেষ্টা করব, ইনশাআল্লাহ।’

প্রসঙ্গত, বুধবার (১৯ আগস্ট) ভোররাতে ভারতের কলকাতার নিউমার্কেট এলাকার মির্জা গালিব স্ট্রিটের একটি আবাসিক হোটেলে অগ্নিকাণ্ডের ঘটনা ঘটে। এতে ধোঁয়ায় শ্বাসরুদ্ধ হয়ে ও আগুনে পুড়ে নয়জনের মৃত্যু হয়। নিহতদের মধ্যে কুষ্টিয়ার একই পরিবারের চারজন রয়েছেন।

তারা হলেন—কুষ্টিয়া থেকে প্রকাশিত দৈনিক আজকের আলো পত্রিকার ভারপ্রাপ্ত সম্পাদক এবং আজকের পত্রিকা ও চ্যানেল নাইন-এর কুষ্টিয়া জেলা প্রতিনিধি দেবাশীষ দত্ত (৩৭), তাঁর স্ত্রী আফসানা শিম্মিন (২৫), তাঁদের দুই বছর বয়সী শিশুপুত্র শর্ণশিষ দত্ত এবং দেবাশীষ দত্তের শ্বশুর কুষ্টিয়া শহরের থানাপাড়ার বাসিন্দা আকরাম আলী (৬৪)।

এসএ