বঙ্গভবনে প্রবেশ করছেন অতিথিরা | ছবি : মানবকণ্ঠ
দেশের নবনির্বাচিত ২৩তম রাষ্ট্রপতি মির্জা ফখরুল ইসলাম আলমগীরের শপথগ্রহণ অনুষ্ঠানকে কেন্দ্র করে বঙ্গভবনে প্রবেশ করতে শুরু করেছেন আমন্ত্রিত অতিথিরা। শুক্রবার (২১ আগস্ট) সন্ধ্যা সাড়ে ৭টায় বঙ্গভবনের ঐতিহাসিক দরবার হলে তার শপথগ্রহণ অনুষ্ঠিত হওয়ার কথা রয়েছে।
শপথ অনুষ্ঠান সামনে রেখে এরই মধ্যে মন্ত্রী, সংসদ সদস্য, তিন বাহিনীর প্রধান, কূটনীতিক, রাজনৈতিক নেতা ও বিভিন্ন শ্রেণি-পেশার বিশিষ্ট ব্যক্তিরা একে একে বঙ্গভবনে প্রবেশ করছেন।
মন্ত্রিপরিষদ বিভাগের তথ্য অনুযায়ী, রাষ্ট্রপতির শপথ অনুষ্ঠানে বারো শতাধিক অতিথিকে আমন্ত্রণ জানানো হয়েছে। অতিথিদের প্রবেশের সময় পরিচয় ও আমন্ত্রণপত্র যাচাই করা হচ্ছে।
শপথ অনুষ্ঠানকে কেন্দ্র করে বঙ্গভবনের প্রধান ফটক ও আশপাশের এলাকায় জোরদার করা হয়েছে নিরাপত্তা ব্যবস্থা। বঙ্গভবনের সামনের সড়কসহ গুরুত্বপূর্ণ বিভিন্ন পয়েন্টে অতিরিক্ত পুলিশ সদস্য মোতায়েন করা হয়েছে। অনুষ্ঠান নির্বিঘ্ন করতে আইনশৃঙ্খলা বাহিনীর সদস্যদের বিভিন্ন পয়েন্টে দায়িত্ব পালন করতে দেখা গেছে।
রাষ্ট্রপতির প্রেস সচিব মো. সরওয়ার আলম জানিয়েছেন, শপথ অনুষ্ঠানের সব প্রস্তুতি সম্পন্ন হয়েছে। অনুষ্ঠানটি পরিচালনা করবে মন্ত্রিপরিষদ বিভাগ।
মন্ত্রিপরিষদ সচিব নাসিমুল গনি শপথগ্রহণ অনুষ্ঠান পরিচালনা করবেন। নবনির্বাচিত রাষ্ট্রপতি মির্জা ফখরুল ইসলাম আলমগীরকে শপথবাক্য পাঠ করাবেন জাতীয় সংসদের ভারপ্রাপ্ত স্পিকার কায়সার কামাল।
এর আগে শুক্রবার জুমার নামাজের পর রাজধানীর শেরেবাংলা নগরের চন্দ্রিমা উদ্যানে বিএনপির প্রতিষ্ঠাতা ও সাবেক রাষ্ট্রপতি জিয়াউর রহমান এবং সাবেক প্রধানমন্ত্রী খালেদা জিয়ার সমাধিতে শ্রদ্ধা জানান মির্জা ফখরুল ইসলাম আলমগীর। পরে তিনি রাষ্ট্রপতি হিসেবে শপথ নিতে বঙ্গভবনের উদ্দেশে রওনা হন।
রাষ্ট্রপতির শপথকে কেন্দ্র করে বঙ্গভবন ও আশপাশের এলাকায় বিশেষ ট্রাফিক ব্যবস্থাও নেওয়া হয়েছে। অনুষ্ঠানস্থলের নিরাপত্তা নিশ্চিত করা এবং যান চলাচল স্বাভাবিক রাখতে আইনশৃঙ্খলা বাহিনী ও ট্রাফিক পুলিশের সদস্যরা দায়িত্ব পালন করছেন।
এর আগে বৃহস্পতিবার জাতীয় সংসদে অনুষ্ঠিত রাষ্ট্রপতি নির্বাচনে বিএনপির প্রার্থী মির্জা ফখরুল ইসলাম আলমগীর ২৫৫ ভোট পেয়ে নির্বাচিত হন। তার প্রতিদ্বন্দ্বী জামায়াতে ইসলামী নেতৃত্বাধীন ১১-দলীয় জোটের প্রার্থী কর্নেল (অব.) অলি আহমদ পেয়েছেন ৮৮ ভোট।
সন্ধ্যার শপথ অনুষ্ঠানের মধ্য দিয়ে আনুষ্ঠানিকভাবে দেশের ২৩তম রাষ্ট্রপতি হিসেবে দায়িত্ব গ্রহণ করবেন মির্জা ফখরুল ইসলাম আলমগীর।
এনএ




Comments