Image description

পররাষ্ট্র মন্ত্রণালয়ের দুই প্রতিমন্ত্রী হুমায়ুন কবির ও শামা ওবায়েদ ইসলামের দায়িত্ব ভাগ করে দিয়েছে সরকার।

প্রধানমন্ত্রীর অনুমোদনের পর রোববার (২৩ আগস্ট) পররাষ্ট্র মন্ত্রণালয় এক পরিপত্র জারি করে তাদের দায়িত্ব নির্ধারণ করে।

পরিপত্রে হুমায়ুন কবিরকে পররাষ্ট্র প্রতিমন্ত্রী-১ এবং শামা ওবায়েদ ইসলামকে পররাষ্ট্র প্রতিমন্ত্রী-২ হিসেবে উল্লেখ করা হয়েছে।

দায়িত্ব অনুযায়ী, হুমায়ুন কবির দ্বিপক্ষীয় ও বহুপক্ষীয় বিষয়, অনিবাসী বাংলাদেশিদের বিষয় এবং পররাষ্ট্রমন্ত্রীর নির্ধারিত অন্যান্য বিষয় দেখবেন।

অন্যদিকে শামা ওবায়েদ ইসলাম পররাষ্ট্র মন্ত্রণালয় সম্পর্কিত সংসদীয় স্থায়ী কমিটি, মানবাধিকার, গবেষণা ও উদ্ভাবন, পরিবেশ ও জলবায়ু পরিবর্তন, সৃজনশীল অর্থনীতি এবং এলডিসি উত্তরণসংক্রান্ত বিষয় দেখবেন।

এ ছাড়া তার দায়িত্বের মধ্যে থাকবে তথ্য ও যোগাযোগপ্রযুক্তি (আইসিটি), সমুদ্র আইন ও সমুদ্রসম্পদ, বিশ্ব স্বাস্থ্য কূটনীতি এবং সাংস্কৃতিক ও ক্রীড়া কূটনীতি।

পরিপত্র অনুযায়ী, দুই প্রতিমন্ত্রীই পররাষ্ট্রমন্ত্রীর দিকনির্দেশনা ও তত্ত্বাবধানে এসব দায়িত্ব পালন করবেন।

এসএস