Image description

রাজশাহীর চারঘাটে এসএসসি, দাখিল ও ভোকেশনাল পরীক্ষা-২০২৬-এ জিপিএ-৫ প্রাপ্ত কৃতী শিক্ষার্থীদের সংবর্ধনা দেওয়া হয়েছে। হাজী আব্দুস সাত্তার প্রামাণিক ফাউন্ডেশনের উদ্যোগে এ সংবর্ধনা অনুষ্ঠানের আয়োজন করা হয়।

সোমবার (২৪ আগস্ট) সকাল ১০টায় চারঘাট উপজেলা পরিষদ হলরুমে অনুষ্ঠিত অনুষ্ঠানে সভাপতিত্ব করেন উপজেলা নির্বাহী কর্মকর্তা জান্নাতুল ফেরদৌস। অনুষ্ঠান সঞ্চালনা করেন উপজেলা একাডেমিক সুপারভাইজার রাহেদুল ইসলাম।

অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন চারঘাট-বাঘা আসনের সংসদ সদস্য আবু সাইদ চাঁদ। বিশেষ অতিথি ছিলেন চারঘাট উপজেলা বিএনপির সভাপতি ও সাবেক মেয়র জাকিরুল ইসলাম বিকুল, চারঘাট মডেল থানার ওসি মাহাবুবুর রহমান, চারঘাট পৌর বিএনপির সভাপতি মোমিনুল হক মমিন, হাজী আব্দুস সাত্তার প্রামাণিক ফাউন্ডেশনের চেয়ারম্যান রাকিবুল হাসান অলিভ এবং বাশিস উপজেলা শাখার সভাপতি জাহাঙ্গীর হোসেন।

অনুষ্ঠানের শুরুতে এসএসসি, দাখিল ও ভোকেশনাল পরীক্ষায় জিপিএ-৫ প্রাপ্ত শিক্ষার্থীদের ফুল দিয়ে শুভেচ্ছা জানানো হয়।

প্রধান অতিথির বক্তব্যে সংসদ সদস্য আবু সাইদ চাঁদ কৃতী শিক্ষার্থীদের অভিনন্দন জানিয়ে বলেন, “জিপিএ-৫ পাওয়া তোমাদের জীবনের একটি গুরুত্বপূর্ণ অর্জন। এই সাফল্যকে কাজে লাগিয়ে ভবিষ্যতে দেশ ও মানুষের কল্যাণে কাজ করতে হবে।”

তিনি শিক্ষার্থীদের মোবাইল ফোন ব্যবহারে সতর্ক থাকার আহ্বান জানিয়ে বলেন, মোবাইল ফোন জ্ঞান অর্জনের গুরুত্বপূর্ণ মাধ্যম হলেও এর অপব্যবহার পড়াশোনায় নেতিবাচক প্রভাব ফেলতে পারে। তাই প্রয়োজন অনুযায়ী মোবাইল ব্যবহার করতে হবে এবং পড়াশোনার সময় মোবাইল থেকে দূরে থাকতে হবে।

তিনি আরও বলেন, ভালো ফলাফলের পাশাপাশি শিক্ষার্থীদের নৈতিকতা, শৃঙ্খলা, মানবিকতা ও দেশপ্রেমের চর্চা করতে হবে। শিক্ষক ও অভিভাবকদের সহযোগিতায় শিক্ষার্থীরা ভবিষ্যতে আরও বড় সাফল্য অর্জন করবে বলেও আশাবাদ ব্যক্ত করেন তিনি।

অনুষ্ঠানে আরও উপস্থিত ছিলেন উপজেলা বিএনপির সাবেক দপ্তর সম্পাদক ও সংসদ সদস্যের বিশেষ সহকারী জালাল উদ্দীন, জেলা যুবদলের যুগ্ম আহ্বায়ক সাব্বির হোসেন মুকুট, বিভিন্ন শিক্ষাপ্রতিষ্ঠানের শিক্ষক-শিক্ষার্থী, অভিভাবক, ফাউন্ডেশনের সদস্য, সাংবাদিক ও স্থানীয় গণ্যমান্য ব্যক্তিরা।

অনুষ্ঠানের শেষপর্বে জিপিএ-৫ প্রাপ্ত শিক্ষার্থীদের হাতে সম্মাননা সনদ ও একটি করে গাছের চারা তুলে দেওয়া হয়। সম্মাননা পেয়ে শিক্ষার্থীদের মধ্যে আনন্দ ও উৎসাহ দেখা যায়।

এসএ