Image description

চিত্রনায়ক সালমান শাহ হত্যা মামলায় গ্রেপ্তার খলনায়ক আশরাফুল হক ডনের সাত দিনের রিমান্ড চেয়েছে পুলিশের অপরাধ তদন্ত বিভাগ (সিআইডি)। মামলার তদন্ত কর্মকর্তা সিআইডির ঢাকা মেট্রো দক্ষিণের পরিদর্শক মজিবুর রহমান এ আবেদন করেন।

সোমবার (২৪ আগস্ট) প্রসিকিউশন বিভাগের উপপরিদর্শক শাহ আলম জানান, ডনের রিমান্ড আবেদনের শুনানির জন্য আগামী বৃহস্পতিবার (২৭ আগস্ট) দিন ধার্য করেছেন ঢাকার মেট্রোপলিটন ম্যাজিস্ট্রেট জুয়েল রানা।

সিআইডি তিনটি কারণ দেখিয়ে ডনের সাত দিনের রিমান্ড আবেদন করেছে। তদন্ত সংস্থার দাবি, বহুল আলোচিত ও চাঞ্চল্যকর এ মামলায় তাকে জিজ্ঞাসাবাদ করা হলে ঘটনার প্রকৃত রহস্য উদঘাটনের সম্ভাবনা রয়েছে।

রিমান্ড আবেদনে বলা হয়েছে, ডনকে জিজ্ঞাসাবাদের মাধ্যমে মামলার ঘটনায় জড়িত অন্য সহযোগীদের শনাক্ত ও গ্রেপ্তার করা সম্ভব হতে পারে। পাশাপাশি ঘটনার বিষয়ে তার কাছে থাকা গুরুত্বপূর্ণ তথ্য বের করতে তাকে পুলিশ হেফাজতে নিয়ে নিবিড়ভাবে জিজ্ঞাসাবাদ প্রয়োজন।

এ ছাড়া বিদেশযাত্রায় নিষেধাজ্ঞা থাকা সত্ত্বেও ডন কী কারণে এবং কার ইন্ধনে বিদেশে যাওয়ার চেষ্টা করেছিলেন, সে বিষয়েও তথ্য জানতে তাকে রিমান্ডে নেওয়ার প্রয়োজন রয়েছে বলে জানিয়েছে সিআইডি।

গত ৯ আগস্ট হযরত শাহজালাল আন্তর্জাতিক বিমানবন্দর থেকে ডনকে গ্রেপ্তার করে ইমিগ্রেশন পুলিশ। পরে তাকে সিআইডির কাছে হস্তান্তর করা হয়। ওইদিনই তাকে কারাগারে পাঠানো হয়। ১২ আগস্ট তার জামিন আবেদন নাকচ করেন আদালত।

প্রসঙ্গত, ১৯৯৬ সালের ৬ সেপ্টেম্বর চিত্রনায়ক সালমান শাহর মৃত্যু হয়। প্রথমে এ ঘটনায় অপমৃত্যুর মামলা হলেও পরে তাকে হত্যা করা হয়েছে—এ অভিযোগে মামলাটি হত্যা মামলা হিসেবে তদন্তের উদ্যোগ নেওয়া হয়।

সর্বশেষ আদালতের নির্দেশের পর রাজধানীর রমনা থানায় সালমান শাহ হত্যা মামলা দায়ের করা হয়। মামলায় তার স্ত্রী সামীরা হকসহ ১১ জনকে আসামি করা হয়েছে। আসামিদের বিরুদ্ধে দণ্ডবিধির ৩০২ ও ৩৪ ধারায় অভিযোগ আনা হয়েছে।

মামলার অন্য আসামিরা হলেন আজিজ মোহাম্মদ ভাই, লতিফা হক লুছি, ডন, ডেবিট, জাভেদ, ফারুক, রুবি, আব্দুস ছাত্তার, সাজু ও রেজভি আহমেদ ফরহাদ। এ ছাড়া অজ্ঞাতপরিচয় আরও কয়েকজনকে আসামি করা হয়েছে।

এদিকে মামলায় তদন্ত প্রতিবেদন দাখিলের জন্য আগামী ৩০ আগস্ট দিন ধার্য রয়েছে।

এনএ