Image description

চট্টগ্রামে ফার্স্ট সিকিউরিটি ইসলামী ব্যাংকের (এফএসআইবি) হালিশহর অফিসের সামনে আমানত ফেরতের দাবিতে বিক্ষোভ করেছেন গ্রাহকেরা। সোমবার দুপুরে প্রায় শতাধিক আমানতকারী তাদের জমা টাকা তুলতে না পারাসহ বিভিন্ন সমস্যার অভিযোগে এ কর্মসূচি পালন করেন।

‘সম্মিলিত ইসলামী ব্যাংক ভুক্তভোগী আমানতকারী অ্যাসোসিয়েশন চট্টগ্রাম কমিটি’র ব্যানারে এ কর্মসূচি অনুষ্ঠিত হয়।

বিক্ষোভের মধ্যে মো. আলাউদ্দিন নামে এক আমানতকারী মায়ের অসুস্থতার কথা জানিয়ে ব্যাংকের কর্মকর্তাদের কাছে টাকা ফেরত চান। একপর্যায়ে তিনি কান্নায় ভেঙে পড়েন।

আলাউদ্দিন বলেন, তার মা অসুস্থ এবং চিকিৎসার জন্য দ্রুত টাকা প্রয়োজন। নিজেরও হৃদরোগের কথা জানিয়ে তিনি ব্যাংকে রাখা টাকা দেওয়ার অনুরোধ করেন।

সম্মিলিত ইসলামী ব্যাংক ভুক্তভোগী আমানতকারী অ্যাসোসিয়েশনের সাধারণ সম্পাদক জাহাঙ্গীর হোসেন বলেন, আলাউদ্দিনের সারাজীবনের সঞ্চয় ব্যাংকের প্রবর্তক শাখায় এফডিআর করা। তার মা বর্তমানে চট্টগ্রামের একটি হাসপাতালে চিকিৎসাধীন।

তিনি বলেন, এর আগেও আলাউদ্দিন কয়েকবার টাকা তোলার চেষ্টা করে ব্যর্থ হয়েছেন। এমনকি মায়ের চিকিৎসাধীন অবস্থার ভিডিও ব্যাংক কর্মকর্তাদের দেখিয়েছেন। তবে কর্মকর্তারা তাকে ঢাকার প্রধান কার্যালয় থেকে সিদ্ধান্ত নেওয়ার কথা জানিয়েছেন।

জাহাঙ্গীর হোসেন আরও বলেন, আলাউদ্দিন তাদের সংগঠনের অর্থ সম্পাদক। সোমবারের কর্মসূচিতে অংশ নেওয়ার একপর্যায়ে মায়ের অসুস্থতার কথা বলতে গিয়ে তিনি আবেগাপ্লুত হয়ে পড়েন। পরে সংগঠনের নেতারা তাকে শান্ত করেন।

তিনি জানান, ব্যাংকের কর্মকর্তারা আলাউদ্দিনের বিষয়টি প্রবর্তক শাখার ব্যবস্থাপককে জানিয়েছেন। তবে ওই শাখার ব্যবস্থাপক ফোনে জানান, এভাবে টাকা দেওয়া সম্ভব নয়। মঙ্গলবার আলাউদ্দিনকে নিয়ে ওই শাখায় যাওয়ার কথা রয়েছে।

এদিকে গ্রাহকদের জরুরি পরিস্থিতি বিবেচনায় ব্যাংক কর্মকর্তারা আলোচনা করে কয়েকজনকে কিছু টাকা দেওয়ার ব্যবস্থা করেছেন বলে জানান জাহাঙ্গীর হোসেন। অন্য জরুরি আবেদনগুলো দ্রুত নিষ্পত্তির জন্য অগ্রাধিকার ভিত্তিতে প্রধান কার্যালয়ে পাঠানোর বিষয়টিও নিশ্চিত করা হয়েছে।

সোমবারের বিক্ষোভে সংগঠনের চট্টগ্রাম কমিটির সভাপতি আবুল কালাম আজাদ, সহসভাপতি শারমিন আক্তারসহ অন্যান্য নেতারা উপস্থিত ছিলেন।

এসএস