Image description

ময়মনসিংহের নান্দাইলে রাতের অগ্নিকাণ্ডে পুড়ে মারা গেছে এক কৃষকের চারটি গরু। একই আগুনে গোয়ালঘরের আসবাবপত্রের পাশাপাশি পাশের ঘরে থাকা জমির দলিলসহ গুরুত্বপূর্ণ কাগজপত্র ও মূল্যবান মালামাল পুড়ে গেছে। এতে চরম বিপাকে পড়েছেন কৃষক আব্দুস সাত্তার।

রোববার (২৩ আগস্ট) দিবাগত রাত ১২টার দিকে উপজেলার ৫ নম্বর গাংগাইল ইউনিয়নের উন্দাইল পশ্চিমপাড়া গ্রামে এ ঘটনা ঘটে।

ক্ষতিগ্রস্ত কৃষক আব্দুস সাত্তার ওই গ্রামের মৃত হাছেন আলীর ছেলে। সোমবার (২৪ আগস্ট) সরেজমিনে গিয়ে দেখা যায়, আগুনে পুড়ে মারা যাওয়া চারটি গরু মাটিচাপা দেওয়া হয়েছে। পরিবারের সদস্যদের মধ্যে নেমে এসেছে শোকের ছায়া।

আব্দুস সাত্তার জানান, প্রতিদিনের মতো রাতে গরুগুলোকে দেখে ঘুমাতে যান তিনি। কিছুক্ষণ পর পরিবারের সদস্যদের চিৎকারে ঘুম ভেঙে যায়। বাইরে এসে দেখেন, গোয়ালঘরে আগুন জ্বলছে। আগুন নেভানোর চেষ্টা করেও গরুগুলোকে বাঁচানো সম্ভব হয়নি।

মুহূর্তের মধ্যেই একটি ষাঁড়, দুটি গাভী ও একটি বাছুর আগুনে পুড়ে মারা যায়।

গোয়ালঘরের আসবাবপত্রও পুড়ে যায়। পরে আগুন পাশের পাকা ঘরে ছড়িয়ে পড়লে সেখানে থাকা জমির দলিল, গুরুত্বপূর্ণ কাগজপত্র ও অন্যান্য মালামাল পুড়ে যায়। স্থানীয়রা জলমোটরের সাহায্যে পানি ছিটিয়ে আগুন নিয়ন্ত্রণে আনেন। ক্ষতিগ্রস্ত পরিবারের দাবি, অগ্নিকাণ্ডে তাদের প্রায় ৭ থেকে ৮ লাখ টাকার ক্ষতি হয়েছে।

কৃষক আব্দুস সাত্তার বলেন, ‘সংসার চালানোর একমাত্র সম্বল ছিল এই গরুগুলো। এখন আমার আর কিছুই রইল না। কৃষি ব্যাংকে পুরোনো ঋণ রয়েছে। গরুগুলো হারিয়ে সেই ঋণের বোঝা কীভাবে শোধ করব, বুঝতে পারছি না।’ স্থানীয়রা জানান, গরু পালন করেই আব্দুস সাত্তার সংসারের ব্যয় নির্বাহ করতেন। অগ্নিকাণ্ডে গরু ও প্রয়োজনীয় মালামাল হারিয়ে পরিবারটি এখন আর্থিক সংকটে পড়েছে।

ক্ষতিগ্রস্ত পরিবারের পাশে সরকারি সহায়তার পাশাপাশি সমাজের বিত্তবানদের এগিয়ে আসার আহ্বান জানিয়েছেন স্থানীয়রা।

এম আর এ