শাজাহানপুরে ৭০ কোটি টাকায় নির্মাণ হচ্ছে বাফার সার গোডাউন
কৃষকদের চাহিদার সময়ে মানসম্মত সার সরবরাহ নিশ্চিত করতে বগুড়ার শাজাহানপুর উপজেলার মাদলা এলাকায় নির্মাণ করা হচ্ছে ২০ হাজার মেট্রিক টন ধারণক্ষমতার আধুনিক বাফার সার গোডাউন। প্রায় ৭০ কোটি টাকা ব্যয়ে নির্মাণাধীন প্রকল্পটির কাজ নানা জটিলতা পেরিয়ে বর্তমানে দৃশ্যমান হয়েছে। সংশ্লিষ্টদের তথ্য অনুযায়ী, ২০২৭ সালের আগস্টের মধ্যে এর নির্মাণকাজ শেষ হওয়ার কথা রয়েছে।
বাংলাদেশ কেমিক্যাল ইন্ডাস্ট্রিজ করপোরেশনের (বিসিআইসি) তত্ত্বাবধানে সারাদেশে ৩৪টি বাফার গোডাউন নির্মাণের উদ্যোগ নেয় শিল্প মন্ত্রণালয়। এর আওতায় বগুড়ার প্রকল্পটির জন্য প্রায় ৬ একর বা ৫৯৬ শতক জমি অধিগ্রহণ করা হয়েছে। জমি অধিগ্রহণে ব্যয় হয়েছে ৯ কোটি ২৯ লাখ ৭৬ হাজার টাকা। আর অবকাঠামো নির্মাণে ব্যয় ধরা হয়েছে ৫৯ কোটি ৫৮ লাখ ২১ হাজার টাকা।
প্রকল্পের আওতায় আধুনিক গুদাম ভবন, অফিস কাম গেস্ট হাউস, আনসার ব্যারাক, সাব-স্টেশন ও জেনারেটর রুম, চারটি ওয়াচ টাওয়ার, অভ্যন্তরীণ আরসিসি সড়ক ও ড্রেন, পাম্প হাউস, সীমানাপ্রাচীর, প্রধান ফটক ও গার্ড রুম নির্মাণ করা হবে। পাশাপাশি সোলার সিস্টেম, স্ট্রিট লাইট, পুকুরসহ প্রয়োজনীয় অন্যান্য অবকাঠামোও স্থাপন করা হবে।
প্রকল্পের মূল মেয়াদ অনুযায়ী ২০১৮ সালের ১ সেপ্টেম্বর থেকে ২০২৫ সালের ৩০ জুনের মধ্যে নির্মাণকাজ শেষ করার কথা ছিল। তবে জমি অধিগ্রহণে বিলম্ব, ঠিকাদার নিয়োগে জটিলতা এবং নির্মাণসামগ্রীর মূল্যবৃদ্ধিসহ নানা কারণে নির্ধারিত সময়ে কাজ শেষ করা সম্ভব হয়নি। ফলে কয়েক দফায় প্রকল্পের মেয়াদ বাড়ানো হয়েছে।
সর্বশেষ সময়সূচি অনুযায়ী, ২০২৭ সালের আগস্টের মধ্যে প্রকল্পটির নির্মাণকাজ শেষ হওয়ার কথা রয়েছে। এটি চালু হলে বগুড়া ও আশপাশের এলাকার কৃষকদের চাহিদার সময়ে সার সরবরাহে গতি আসবে এবং সার সংরক্ষণ ও বিতরণ ব্যবস্থাপনা আরও কার্যকর হবে বলে সংশ্লিষ্টরা আশা করছেন।
এসএ




Comments