Image description

ব্যক্তিগত নৈপুণ্যে উজ্জ্বল লিওনেল মেসি, নিয়মিত পাচ্ছেন গোলও; তবে ইন্টার মায়ামির জয় যেন সোনার হরিণ হয়ে দাঁড়িয়েছে। টানা চার ম্যাচ জয়হীন থাকা ফ্লোরিডার ক্লাবটি এখন এমন এক পরিস্থিতির সামনে দাঁড়িয়ে, যেখানে পরবর্তী ম্যাচে জয় না এলে মহাতারকা মেসির ক্যারিয়ারে ফিরে আসবে ১৩ বছর আগের এক তিক্ত স্মৃতি।

মেজর লিগ সকারে (এমএলএস) আগামী ৩০ সেপ্টেম্বর সিএফ মন্ট্রিয়েলের বিপক্ষে মাঠে নামবে ইন্টার মায়ামি। স্প্যানিশ সংবাদমাধ্যম ‘এএস’-এর প্রতিবেদন অনুযায়ী, এই ম্যাচেও যদি মায়ামি জয় পেতে ব্যর্থ হয়, তবে টানা পাঁচ ম্যাচ জয়হীন থাকার অনাকাঙ্ক্ষিত রেকর্ডের মুখে পড়বেন মেসি। পেশাদার ক্যারিয়ারে এমন ঘটনা সবশেষ ঘটেছিল ২০১৩ সালে, বার্সেলোনার জার্সিতে।

সবশেষ টরন্টো এফসির বিপক্ষে ২–১ গোলে হেরেছে মায়ামি। সেই ম্যাচে মেসি গোল করলেও দলকে হারের হাত থেকে রক্ষা করতে পারেননি। একের পর এক পয়েন্ট হারানোয় বেশ চাপে রয়েছেন কোচ গুইলারমো হোয়োস। ব্যর্থতার দায় স্বীকার করে তিনি বলেন, ‘যা কিছু ঘটছে তার দায় আমার। এই পরিস্থিতি সবাইকে কষ্ট দিচ্ছে এবং উদ্বেগ তৈরি করছে।’

যদিও মায়ামির জন্য এমন পরিস্থিতি নতুন নয়। গত মৌসুমেও টানা চার ম্যাচ জয়হীন থাকার পর দুর্দান্তভাবে ঘুরে দাঁড়িয়ে টানা পাঁচটি ম্যাচ জিতেছিল তারা।

মেসির ক্যারিয়ারে সবচেয়ে বড় জয়খরা দেখা দিয়েছিল ২০১৩ সালে। সে সময় বার্সেলোনা টানা পাঁচ ম্যাচ জয়ের মুখ দেখেনি। সেল্টা ভিগো ও অ্যাথলেটিক বিলবাওয়ের সঙ্গে ড্র এবং চ্যাম্পিয়নস লিগে পিএসজির বিপক্ষে দুটি ড্রয়ের পর বায়ার্ন মিউনিখের কাছে ৪–০ গোলে বিধ্বস্ত হয়ে সেই জয়খরা পূর্ণ হয়েছিল।

এখন মন্ট্রিয়েলের বিপক্ষে জয়ই পারে মায়ামিকে কক্ষপথে ফেরাতে এবং মেসিকে পুরোনো সেই অস্বস্তিকর রেকর্ডের পুনরাবৃত্তি থেকে বাঁচাতে।

ডিআর