মাঝ আকাশে এক যাত্রীর মৃত্যুর পর ওমানের মাসকাট আন্তর্জাতিক বিমানবন্দরে আটকে আছে বিমান বাংলাদেশ এয়ারলাইন্সের একটি উড়োজাহাজ (বিজি-১৩৬)। মরদেহ নামানোর জন্য রয়্যাল ওমান পুলিশের অনুমতি না মেলায় বুধবার (২৬ আগস্ট) ফ্লাইটটির পরবর্তী যাত্রা অনিশ্চিত হয়ে পড়েছে। এতে চরম ভোগান্তিতে পড়েছেন ফ্লাইটে থাকা কয়েকশ যাত্রী।
বিমান সূত্রে জানা গেছে, সৌদি আরবের জেদ্দা থেকে চট্টগ্রাম হয়ে ঢাকা আসার পথে বিজি-১৩৬ ফ্লাইটের এক যাত্রীর শারীরিক অবস্থার চরম অবনতি হয়। চিকিৎসাজনিত জরুরি পরিস্থিতির কারণে পাইলট ফ্লাইটটি নিকটস্থ ওমানের মাসকাট বিমানবন্দরে অবতরণের সিদ্ধান্ত নেন। তবে অবতরণের পর ওই যাত্রীকে মৃত ঘোষণা করা হয়।
ওমানের স্থানীয় আইন অনুযায়ী, উড়োজাহাজ থেকে মরদেহ নামাতে রয়্যাল ওমান পুলিশের আনুষ্ঠানিক অনুমতি প্রয়োজন। দীর্ঘ সময় পার হলেও এখনো সেই অনুমতি না মেলায় মরদেহটি উড়োজাহাজের ভেতরেই রয়েছে। ফলে প্রয়োজনীয় আনুষ্ঠানিকতা শেষ না হওয়া পর্যন্ত উড়োজাহাজটি মাসকাট ত্যাগ করতে পারছে না।
বিমানের সংশ্লিষ্ট এক কর্মকর্তা জানান, ‘এস২-এএফপি’ নিবন্ধন নম্বরের এই উড়োজাহাজটি থেকে মরদেহ নামানোর বিষয়ে ওমান পুলিশের সঙ্গে নিয়মিত যোগাযোগ রাখা হচ্ছে। অনুমতি পাওয়ার পরপরই মরদেহ নামিয়ে ফ্লাইটটি গন্তব্যের উদ্দেশ্যে রওনা হবে। তবে বিলম্বের কারণে যাত্রীদের মধ্যে অসন্তোষ ও দুর্ভোগ দেখা দিয়েছে।
উল্লেখ্য, বিমানের এই ফ্লাইটটি জেদ্দা থেকে চট্টগ্রাম হয়ে বুধবার বেলা ১১টায় ঢাকায় অবতরণ করার কথা ছিল।
ডিআর




Comments