নান্দাইলে মেয়াদোত্তীর্ণ কীটনাশক ও সার জব্দ
১৫ হাজার টাকা জরিমানা
ময়মনসিংহের নান্দাইলে অভিযোগের ভিত্তিতে অভিযান চালিয়ে বিপুল পরিমাণ মেয়াদোত্তীর্ণ কীটনাশক ও সার জব্দ করে ধ্বংস করা হয়েছে। এ ঘটনায় মেসার্স নাহার এন্টারপ্রাইজ নামের একটি প্রতিষ্ঠানকে ১৫ হাজার টাকা জরিমানা করা হয়েছে।
বৃহস্পতিবার (২৭ আগস্ট) বিকেলে উপজেলার ১৩ নম্বর চর বেতাগৈর ইউনিয়নের শিকদার মার্কেটে এ অভিযান পরিচালনা করা হয়।
নান্দাইল উপজেলা সহকারী কমিশনার (ভূমি) ও নির্বাহী ম্যাজিস্ট্রেট সালাহ উদ্দিন মাহমুদের নেতৃত্বে পরিচালিত অভিযানে উপজেলা কৃষি অফিসের অতিরিক্ত কৃষি কর্মকর্তা মো. কামরুল হাসানসহ সংশ্লিষ্ট কর্মকর্তারা উপস্থিত ছিলেন।
অভিযোগের ভিত্তিতে শিকদার মার্কেটের বিভিন্ন কৃষি উপকরণের দোকানে তল্লাশি চালানো হয়। এ সময় কয়েকটি দোকান থেকে মেয়াদোত্তীর্ণ কীটনাশক, কৃষি ওষুধ ও সার জব্দ করা হয়। পরে জব্দ করা মেয়াদোত্তীর্ণ পণ্যগুলো বিধি অনুযায়ী ধ্বংস করা হয়।
অভিযানকালে মেসার্স নাহার এন্টারপ্রাইজের দোকানে মেয়াদোত্তীর্ণ কৃষি উপকরণ সংরক্ষণের প্রমাণ পাওয়ায় প্রতিষ্ঠানটিকে ১৫ হাজার টাকা জরিমানা করা হয়।
অভিযান প্রসঙ্গে সহকারী কমিশনার (ভূমি) ও নির্বাহী ম্যাজিস্ট্রেট সালাহ উদ্দিন মাহমুদ বলেন, কৃষক ও সাধারণ মানুষের স্বার্থ রক্ষায় এ ধরনের অভিযান নিয়মিত পরিচালনা করা হবে। জনস্বার্থে অভিযান অব্যাহত থাকবে।
এসএ




Comments