Image description

চট্টগ্রামের লোহাগাড়া উপজেলার অন্যতম গুরুত্বপূর্ণ বটতলী স্কুল রোড দীর্ঘদিন সংস্কারের অভাবে চলাচলের অনুপযোগী হয়ে পড়েছে। সড়কের পিচ-ঢালাই উঠে গিয়ে বিভিন্ন স্থানে সৃষ্টি হয়েছে বড় বড় গর্ত ও খানাখন্দ। এতে প্রতিদিন হাজারো শিক্ষার্থী, যাত্রী ও পথচারীকে চরম দুর্ভোগ পোহাতে হচ্ছে।

সড়কটি দিয়ে লোহাগাড়ার বিভিন্ন স্কুল-কলেজের শিক্ষার্থী, স্থানীয় বাসিন্দা ও সাধারণ মানুষ নিয়মিত যাতায়াত করেন। সড়কের বেহাল অবস্থার কারণে প্রায়ই ছোট-বড় দুর্ঘটনা ঘটছে। বিশেষ করে জরুরি রোগীকে দ্রুত হাসপাতালে নেওয়ার ক্ষেত্রে চরম ভোগান্তিতে পড়তে হচ্ছে স্বজন ও চালকদের। সামান্য বৃষ্টি হলেই সড়কের গর্তগুলোতে পানি জমে কাদামাটির জলাশয়ে পরিণত হয়।

স্থানীয় বাসিন্দারা ক্ষোভ প্রকাশ করে বলেন, বটতলী স্কুল রোডটি উপজেলার প্রাণকেন্দ্রের অন্যতম গুরুত্বপূর্ণ সংযোগ সড়ক হলেও দীর্ঘদিন ধরে এটি সংস্কারের অভাবে পড়ে আছে। প্রতিদিন জীবনের ঝুঁকি নিয়ে শিক্ষার্থীদের বিদ্যালয়ে যাতায়াত করতে হয়। পাশাপাশি সড়কের খানাখন্দে যানবাহন বিকল হয়ে প্রায়ই যানজটের সৃষ্টি হয়। জনদুর্ভোগ লাঘবে সড়কটি দ্রুত পূর্ণাঙ্গ সংস্কারের দাবি জানিয়েছেন তাঁরা।

এ বিষয়ে লোহাগাড়া উপজেলা প্রকৌশলী ফাহাদ বিন মাহমুদ বলেন, “সড়কটির বর্তমান বেহাল দশা সম্পর্কে আমরা অবগত আছি। ইতোমধ্যে সড়কটি পরিদর্শন করা হয়েছে। দ্রুত সংস্কারের জন্য প্রয়োজনীয় প্রাক্কলন (এস্টিমেট) প্রস্তুত করে সংশ্লিষ্ট দপ্তরে পাঠানো হয়েছে। বরাদ্দ পাওয়া গেলে দ্রুততম সময়ে কাজ শুরু করা হবে।”

লোহাগাড়া উপজেলা নির্বাহী কর্মকর্তা (ইউএনও) মো. বায়েজিদ বিন আকন্দ বলেন, “বটতলী স্কুল রোডটি স্থানীয় শিক্ষার্থী ও সাধারণ মানুষের যাতায়াতের জন্য অত্যন্ত গুরুত্বপূর্ণ। জনদুর্ভোগ লাঘবে সড়কটি অগ্রাধিকার ভিত্তিতে সংস্কারের উদ্যোগ নেওয়া হয়েছে। প্রকৌশল বিভাগের সঙ্গে সমন্বয় করে দ্রুত সড়কটি চলাচলের উপযোগী করতে প্রয়োজনীয় প্রশাসনিক ব্যবস্থা গ্রহণ করা হবে।”

এসএ