Image description

নারায়ণগঞ্জের সিদ্ধিরগঞ্জে অজ্ঞাত তেলের লরির ধাক্কায় হরাধন চন্দ্র দত্ত (৪৫) নামে এক মিষ্টির দোকানের কর্মচারী নিহত হয়েছেন। শুক্রবার (২৮ আগস্ট) রাত আনুমানিক সাড়ে ৮টার দিকে সিদ্ধিরগঞ্জ পুল এলাকার আদমজী সড়কে এ দুর্ঘটনা ঘটে।

নিহত হরাধন চন্দ্র দত্ত কুমিল্লার কোতোয়ালি থানার পশ্চিম মাঝিঘাট এলাকার ভারত চন্দ্র দত্তের ছেলে। তিনি সিদ্ধিরগঞ্জের সিআইখোলা এলাকায় ভাড়া বাসায় থেকে স্থানীয় প্রাণবল্লভ মিষ্টান্ন ভাণ্ডারে কাজ করতেন।

পুলিশ জানায়, শুক্রবার রাতে আদমজী সড়কের হাজী শাহাদত বিরিয়ানি হাউসের সামনে রাস্তা পারাপারের সময় একটি দ্রুতগতির তেলের লরি হরাধনকে সজোরে ধাক্কা দেয়। এতে ঘটনাস্থলেই তিনি মারা যান।

খবর পেয়ে সিদ্ধিরগঞ্জ থানার উপপরিদর্শক (এসআই) মো. শামীম রেজা দ্রুত ঘটনাস্থলে পৌঁছান। পরে পুলিশ মরদেহ উদ্ধার করে ময়নাতদন্তের জন্য নারায়ণগঞ্জ ভিক্টোরিয়া জেনারেল হাসপাতালের মর্গে পাঠায়।

সিদ্ধিরগঞ্জ থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মোহাম্মদ এমদাদুল হক জানান, ঘাতক লরিটি শনাক্ত ও চালককে আটকের চেষ্টা চলছে। এ ঘটনায় আইনগত ব্যবস্থা প্রক্রিয়াধীন।

এসএ