সিদ্ধিরগঞ্জে কাভার্ডভ্যানের ধাক্কায় লেগুনার যাত্রী নিহত
নারায়ণগঞ্জের সিদ্ধিরগঞ্জে ঢাকা-চট্টগ্রাম মহাসড়কে কাভার্ডভ্যানের পেছনে যাত্রীবাহী লেগুনার ধাক্কায় মো. শাহাদাত হোসেন (৩৫) নামে এক ব্যক্তি নিহত হয়েছেন। এ ঘটনায় আরও এক যাত্রী আহত হয়েছেন।
শুক্রবার (২৮ আগস্ট) ভোরে মহাসড়কের সানারপাড় এলাকায় ঢাকামুখী লেনে এ দুর্ঘটনা ঘটে।
পুলিশ ও স্থানীয় সূত্রে জানা যায়, সানারপাড় এলাকায় মহাসড়কের পাশে দাঁড়িয়ে থাকা একটি কাভার্ডভ্যানকে (ঢাকা মেট্রো ট-২০-৩৩৬) পেছন থেকে বেপরোয়া গতির একটি যাত্রীবাহী লেগুনা (নারায়ণগঞ্জ-চ-১১-০২৪০) সজোরে ধাক্কা দেয়। এতে লেগুনার চালকের পাশে বসে থাকা যাত্রী শাহাদাত ঘটনাস্থলেই প্রাণ হারান। দুর্ঘটনার পরপরই লেগুনার চালক পালিয়ে যায়।
খবর পেয়ে শিমরাইল হাইওয়ে পুলিশ ঘটনাস্থলে গিয়ে মরদেহ উদ্ধার করে ময়নাতদন্তের জন্য নারায়ণগঞ্জ জেনারেল (ভিক্টোরিয়া) হাসপাতালের মর্গে পাঠায়।
শিমরাইল হাইওয়ে পুলিশ ফাঁড়ির এসআই আলামিন জানান, দুর্ঘটনাকবলিত কাভার্ডভ্যান ও লেগুনা জব্দ করা হয়েছে। পলাতক লেগুনা চালককে আটকের চেষ্টা চলছে। এ ঘটনায় আইনগত ব্যবস্থা প্রক্রিয়াধীন।
এসএ




Comments