Image description

চাঁপাইনবাবগঞ্জ সদর উপজেলার দেবীনগর ইউনিয়নে নদীতে গোসল করতে নেমে পানিতে ডুবে পাঁচ শিশুর মৃত্যু হয়েছে। শুক্রবার (২৮ আগস্ট) দুপুর ১টার দিকে চর চাকলা গ্রামের পাশের নদীতে এ দুর্ঘটনা ঘটে।

নিহতরা হলো—মো. মাসুদের মেয়ে সুমাইয়া (১০) ও আরিবা (৮), নেমাজের মেয়ে সুমি (১২) ও সুরাইয়া (৯) এবং শরিফুলের একমাত্র মেয়ে শরীফা (১২)।

স্থানীয় বাসিন্দা আব্দুল হালিম হাম্মাদ জানান, শুক্রবার হওয়ায় গ্রামের অধিকাংশ মানুষ জুমার নামাজ পড়তে গিয়েছিলেন। এ সময় শিশুরা পরিবারের কাউকে না জানিয়ে নদীতে গোসল করতে যায়। একপর্যায়ে তারা পানিতে ডুবে যায়।

স্থানীয় সূত্রে জানা গেছে, চর চাকলা গ্রামের পাশের নদীটি স্থানীয়ভাবে ‘মরা নদী’ নামে পরিচিত। এটি পদ্মা নদীর একটি শাখা। বর্ষা ও বৃষ্টির সময় পদ্মার পানি প্রবেশ করায় নদীটি পানিতে ভরে ওঠে। বছরের অন্য সময় এখানে তেমন পানি থাকে না। তখন নদীর তলদেশ ও আশপাশের জমিতে বিভিন্ন ধরনের ফসল চাষ করা হয়।

সম্প্রতি বৃষ্টি ও পদ্মা নদীর পানি বৃদ্ধি পাওয়ায় নদীটি পানিতে ভরে যায়। শুক্রবার দুপুরে পাঁচ শিশু ওই পানিতে গোসল করতে নামে। একপর্যায়ে তারা পানিতে ডুবে যায়।

শিশুরা পানিতে ডুবে যাওয়ার খবর পেয়ে স্থানীয় লোকজন নদীতে নেমে তাদের উদ্ধারের চেষ্টা করেন।

সদর মডেল থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) একরামুল হাসান স্থানীয়দের বরাত দিয়ে পাঁচ শিশুর মৃত্যুর বিষয়টি নিশ্চিত করেছেন।

এসএ