Image description

রাজশাহীর গোদাগাড়ীতে পদ্মা নদীর চর থেকে ৮৮৭ দশমিক ৫ গ্রাম হেরোইন উদ্ধার করেছে র‍্যাপিড অ্যাকশন ব্যাটালিয়ন (র‍্যাব-৫)। তবে অভিযানের সময় র‍্যাবের উপস্থিতি টের পেয়ে মাদক কারবারিরা হেরোইনভর্তি একটি ব্যাগ ফেলে রাতের অন্ধকারে পাশের আমবাগানে পালিয়ে যায়। এ ঘটনায় কাউকে আটক করতে পারেনি র‍্যাব।

রোববার (৩০ আগস্ট) রাত সাড়ে ১২টার দিকে গোদাগাড়ী মডেল থানার হরিসংকরপুর গ্রামের কাছাকাছি পদ্মা নদীর চর এলাকায় এ অভিযান চালানো হয়।

র‍্যাব-৫-এর বিশেষ প্রেস বিজ্ঞপ্তিতে জানানো হয়, গোপন সংবাদের ভিত্তিতে র‍্যাব-৫-এর সিপিএসসির একটি আভিযানিক দল জানতে পারে, সীমান্তবর্তী এলাকা থেকে সংগ্রহ করা হেরোইন বিক্রির উদ্দেশ্যে কয়েকজন মাদক কারবারি হরিসংকরপুর গ্রামের পদ্মা নদীর চরে অবস্থান করছে। এমন তথ্যের ভিত্তিতে র‍্যাবের একটি দল ওই এলাকায় অভিযান পরিচালনা করে।

অভিযানের একপর্যায়ে র‍্যাবের উপস্থিতি টের পেয়ে মাদক কারবারিরা একটি ব্যাগ ফেলে দৌড়ে পাশের বিস্তীর্ণ আমবাগানের দিকে পালিয়ে যায়। রাতের অন্ধকারের সুযোগ নিয়ে তারা দ্রুত ঘটনাস্থল থেকে সটকে পড়ায় কাউকে আটক করা সম্ভব হয়নি।

পরে নিরপেক্ষ সাক্ষীদের উপস্থিতিতে ফেলে যাওয়া ব্যাগটি তল্লাশি করা হয়। এ সময় ব্যাগের ভেতর থেকে নয়টি স্বচ্ছ পলিপ্যাকে রাখা মোট ৮৮৭ দশমিক ৫ গ্রাম হেরোইন উদ্ধার করা হয়।

র‍্যাব জানায়, উদ্ধার করা হেরোইন বিধি মোতাবেক জব্দ করা হয়েছে। এ ঘটনায় পরবর্তী আইনগত ব্যবস্থা গ্রহণের জন্য উদ্ধার করা মাদকদ্রব্য গোদাগাড়ী মডেল থানায় হস্তান্তর করা হয়েছে।

র‍্যাব-৫ আরও জানিয়েছে, সীমান্তবর্তী রাজশাহীতে মাদকদ্রব্যের বিস্তার রোধে মাদকসহ বিভিন্ন অপরাধের বিরুদ্ধে তাদের অভিযান অব্যাহত রয়েছে।

এসএ