Image description

কুড়িগ্রামের ভূরুঙ্গামারী উপজেলার বলদিয়া ইউনিয়নের খোচাবাড়ী সরকারি প্রাথমিক বিদ্যালয়ে চুরির ঘটনা ঘটেছে। বিদ্যালয়টির তিনটি শ্রেণিকক্ষ থেকে ১০টি ফ্যান ও তিনটি সিসি ক্যামেরা চুরি হয়েছে। এ ঘটনায় রোববার বিকেলে ভূরুঙ্গামারী থানায় সাধারণ ডায়েরি (জিডি) করা হবে বলে জানিয়েছেন বিদ্যালয়ের প্রধান শিক্ষক মো. হাবিবুল্লাহ।

জানা গেছে, গত বৃহস্পতিবার বিদ্যালয় ছুটির পর সব শ্রেণিকক্ষের দরজা তালাবদ্ধ করে রাখা হয়। শুক্র ও শনিবার সাপ্তাহিক ছুটি শেষে রোববার সকালে বিদ্যালয় খোলার পর শিক্ষকরা দেখতে পান, তিনটি শ্রেণিকক্ষের দরজা খোলা। পরে কক্ষগুলোতে গিয়ে দেখা যায়, সেখান থেকে ১০টি ফ্যান ও তিনটি সিসি ক্যামেরা চুরি হয়ে গেছে।

বিদ্যালয় বন্ধ থাকার সুযোগে কে বা কারা এসব মালামাল চুরি করে নিয়ে গেছে, তাৎক্ষণিকভাবে তা জানা যায়নি। বিদ্যালয়ে স্থাপিত সিসি ক্যামেরাগুলো নষ্ট থাকায় চুরির সঙ্গে জড়িতদের শনাক্ত করা সম্ভব হয়নি বলে জানিয়েছেন সংশ্লিষ্টরা।

খোচাবাড়ী সরকারি প্রাথমিক বিদ্যালয়ের প্রধান শিক্ষক মো. হাবিবুল্লাহ বলেন, ‘বৃহস্পতিবার বিদ্যালয় ছুটির সময় সবকিছু ঠিকঠাক ছিল। শুক্র ও শনিবার সাপ্তাহিক ছুটি ছিল। রোববার সকালে বিদ্যালয়ে এসে দেখি শ্রেণিকক্ষের দরজা খোলা। তিনটি কক্ষ থেকে ১০টি ফ্যান ও তিনটি সিসি ক্যামেরা চুরি হয়ে গেছে। বিষয়টি উপজেলা শিক্ষা অফিসারকে জানানো হয়েছে। বিদ্যালয় ছুটির পর থানায় গিয়ে জিডি করা হবে।’

সহকারী উপজেলা শিক্ষা কর্মকর্তা এছাহাক আলী বলেন, ‘বিদ্যালয়ের মালামাল চুরির বিষয়টি প্রধান শিক্ষক জানিয়েছেন। তাঁকে আইনগত ব্যবস্থা গ্রহণের পরামর্শ দেওয়া হয়েছে।’

এসএ